২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পাদকদের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলায় ইরাব’র নিন্দা

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে চাল চুরির খবর প্রকাশের জের ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 10:08 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

সংগঠনের সভাপতি মুসতাক আহমদ ও সাধারণ সম্পাদক নিজামুল হক এক বিবৃতিতে একইসঙ্গে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও টেলিভিশনের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করছেন। এইসব গণমাধ্যমের সহায়তায় করোনাভাইরাসের সব ধরণের তথ্য জনগণ পাচ্ছে। জনগণকে সচেতন করার ক্ষেত্রেও অন্যতম ভূমিকা রেখে যাচ্ছে এই গণমাধ্যম।

“সত্য সংবাদ প্রকাশের পরও এভাবে মামলা করার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে। যা, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা দেওয়ার শামিল। পাশাপাশি অন্য চোরদের উৎসাহিত করা অপচেষ্টাও করা হয়েছে এতে।”

বিবৃতিতে বলা হয়, “যেখানে চুরির ঘটনার পর সংশ্লিষ্টদের লোকলজ্জার ভয়ে অন্তরালে যাওয়ার কথা। গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হওয়ার কথা। সেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন স্থানে জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা দম্ভ সহকারে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।”

ত্রাণ লুটের ঘটনায় জড়িতদের বিশেষ ক্ষমতা আইনে বিচারের দাবিও জানিয়েছে ইরাব।