ঘরবন্দি বেলায় অনলাইনে বৈশাখী বন্দনা
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার রমনার বটমূলে বৈশাখের আবাহন হয়নি। সামাজিক দূরত্ব মানার কড়াকড়িতে মঙ্গল শোভাযাত্রায়ও হয়নি মিলনমেলা। তবু ঋতু বৈচিত্র্যে থামানো যায়নি বৈশাখী সুর।
সঙ্কটের এই সময় উদযাপনে কিছুটা ভাটা পড়লেও ঘরে থাকা মানুষেরা বৈশাখ রঙিন করে তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।
ইন্টারনেটে বর্ষবরণ আয়োজন নিয়ে স্থপতি ও নাট্যকার শাকুর মজিদ বৈশাখের প্রথম দিনই ফেইসবুক স্ট্যাটাসে বলেছেন, “এ-বৈশাখ ই-বৈশাখের…।”
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আশফাকুর রহমান থাকেন ধানমণ্ডিতে। এবার পহেলা বৈশাখে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাইরে যাওয়ার সুযোগ হারালেও অনলাইনে ভিন্নভাবে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
রঙিন জামা পরে বৈশাখের শুভেচ্ছা বার্তায় সবাইকে ঘরে থাকার কথা বলছিল আশফাকুর-ডরিন দম্পতির সাড়ে তিন বছরের মেয়ে শাহরীন। মেয়ের পেছনে ঘরে থাকা সোফাটিতেও বৈশাখী রঙের ঝলক। মেয়ের ওই আধো ভাঙ্গা কথা ভিডিও করে ফেইসবুকে তুলে দেন আশফাকুর; আর তাতে সহকর্মী ও বন্ধুদের সাড়াও পেলেন।
বাইরে ঘুরতে না পারলেও ঘরে বৈশাখী পোশাক পরে পরিবারের সঙ্গে নতুন বর্ষকে বরণ করেছেন শেরিফ আল সায়ার। লাল শাড়ি আর টিপ পরে বৈশাখী সাজে স্ত্রীর পাশে নিজেও পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছবি তুলে ফেইসবুকে দিয়েছেন।
সুরে সুরে বলা ছেলের সেই ইচ্ছের ভিডিও ফেইসবুকে দিয়েছেন শেরিফ। ভিডিওতে দেখা গেল, শেরিফের ছেলের পেছনে জানালার গ্রিলে সাঁটানো রঙিন ছবি। কাগজ-ককশিট কেটে রঙ করা মাছ, বাউল, পাখি, ছাতা, একতারায় ফুটে উঠেছে বৈশাখের আমেজ।
ইন্টারনেটে একটি ভারতীয় টিভি চ্যানেলে গানে ও কবিতায় বর্ষবরণে যোগ দিয়েছিলেন দুই বাংলার শিল্পীরা। ‘হার না মানা নববর্ষ’ শিরোনামে এই লাইভ আয়োজনে বাংলাদেশ থেকে ছিলেন বাচিক শিল্পী কাজী মাহতাব সুমন।
চৈত্রসংক্রান্তির সূর্যাস্ত হতে না হতেই ফেইসবুক পেইজে নববর্ষ বন্দনায় লাইভ শুরু করে সিলেটের আবৃত্তি সংগঠন মৃত্তিকায় মহাকাল।
এতে সন্ধ্যা ৬টায় লাইভে আসেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ।
রাত সাড়ে ৮টায় আবৃত্তি নিয়ে লাইভে আসেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান।
বর্ষবরণে আতিশয্য না থাকলেও দুপুরের খাবারে সাদা ভাতের সাথে ইলিশ ভাজা, ভর্তা আর শুকনা মরিচের ছবি ফেইসবুকে পোস্ট করে বন্ধু ও পরিচিতদের সাথে বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন মুরাদ হাফিজ।
অস্ট্রেলিয়া প্রবাসী সানজিদা রহমানও আছেন ঘরবন্দি। অন্য সময় সেখানে বাঙালি কমিউনিটির নানা আয়োজন থাকে বৈশাখে। তবে এবার তা হওয়ার সুযোগ নেই।
দেশ থেকে দূরে থাকলেও পহেলা বৈশাখের দিন ঘরে বাঙালি খাবারের কয়েক পদ করেছেন সানজিদা। দেশে থাকা বন্ধুদের শুভেচ্ছা বার্তা হিসেবে ফেইসবুকে ইনবক্সে পাঠিয়েছেন বৈশাখী খাবারের ছবি।
এহসানুল হকও থাকেন অস্ট্রেলিয়াতেই। বৈশাখের দিন ইলিশ ভাজা আর সাদা ভাতের সাথে ছিল আরো কয়েক পদ। সেই ছবি ফেইসবুকে পোস্ট করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
ফেইসবুকে রান্না বিষয়ক একটি গ্রুপ রাঁধুনি। নতুন বছরে কার ঘরে কী রান্না হয়েছে ছবি তুলে এই গ্রুপে অনেকেই পোস্ট দিয়েছেন।
এই গ্রুপের সদস্য নিশা রহমানও নতুন বছরে রেঁধেছেন কয়েক পদের বাঙালি ব্যঞ্জন।
রাঁধুনি গ্রুপে সেই ছবি পোস্ট করে নিশা লিখেছেন, “জীবনের সবচেয়ে সাদামাটা নববর্ষ। শেষ বাজার করেছি ১৫ দিন আগে। বাসায় টুকটাক যা ছিলো সেটাই করলাম। নতুন বছরে সবার সুস্থ্যতা কামনা করি। সুন্দর এবং স্বাভাবিক জীবনের আশা নিয়ে সবাইকে শুভ নববর্ষ।”
‘ঘরেবন্দি বৈশাখ ২০২০’ শিরোনামে সাদা-লাল শাড়িতে নিজের ছবি ফেইসবুকে দেন তৃপ্তি গোমেজ। এবার রমনার বটমূলে যেতে না পারলেও বৈশাখী সাজে বাড়ির সামনে হাঁটাচলা করেই ছিল তার নতুন বছর উদযাপন।
ওপার বাংলার অভিনয় শিল্পী মধুমিতা কাব্যও বন্ধুদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে ফেইসবুকে ভিডিও পোস্ট করেছেন। গেয়েছেন নচিকেতার গাওয়া ‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে’।
করোনাভাইরাস নিয়ে নাজুক এই সময়ে ফেইসবুকে দেওয়া ভিডিওতে মধুমিতা আবৃত্তি করেন পার্থ মুখার্জির কবিতার পঙক্তি ‘আমাদের দেখা হোক মহামারী শেষে’।
ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা পড়ে যাওয়ায় দেশে ফিরতে না পেরে এখনও জার্মানি রয়ে গেছেন গণমাধ্যমকর্মী শামীমা নাসরিন। বৈশাখের পরদিন ফেইসবুকে শাড়ি ও টিপ পরা নিজের পুরনো একটি ছবি পোস্ট করেন তিনি।
ছবির সাথে শামীমা নিজের অনুভূতি প্রকাশে লেখেন, “খুঁজে খুঁজে বৈশাখ উদযাপনের ফ্লেভার আনা একটা ছবি পোস্ট দিলাম৷ মন খারাপের এ চাপ আর কত দিন সহ্য করতে হবে কে জানে৷”
ঘরবন্দি বৈশাখে গত বছরের স্মৃতিচারণ করেছেন অনেকে ফেইসবুক। পুরনো ছবি আবার পোস্ট করে আগামীর বৈশাখের প্রত্যাশা নিয়ে এবার শুভেচ্ছা বিনিময় করেছেন তারা।
লাল-সাদা শাড়িতে বন্ধুদের সাথে কাটানো ২০১৬ সালে বৈশাখের দিনটি মনে করে সেই ছবি শেয়ার দিয়েছেন মাধুরী শিকদার।
পরিবারের সাথে ঘরে উদযাপন করলেও এই বৈশাখে আগের দিনগুলো মনে করে মাধুরীর চাওয়া, ‘আবার ফিরে আসবে এমন দিন, প্রত্যাশায় বুক বাঁধি’।,
পহেলা বৈশাখ পেরিয়ে পঞ্জিকায় পরের দিন চলে এলেও এখনও অনেকে বৈশাখী শুভেচ্ছা বিনিময়ে নতুন-পুরনো ছবি ও ভিডিও দিয়ে চলেছেন।
বাংলা নববর্ষের প্রথম দিন মরিয়ম আক্তার তার তিন ছেলে-মেয়ের বৈশাখী পোশাকে বারান্দায় দাঁড়িয়ে তোলা ছবি ফেইসবুকে দেন।
দোসরা বৈশাখের সূর্য ডুবলেও ঘরবন্দি জীবনে বৈশাখের আমেজ কাটেনি মরিয়মের পরিবারে। স্কুল পড়ুয়া কন্যা ইনায়ার একটি ভিডিও আপলোড করলেন এদিন।
সাদা জমিন আর চিকন লাল পাড়ের শাড়ি পরা ইনায়া ভিডিওতে গান গাইছে, ‘দুচোখে হঠাৎ করে কালবৈশাখী, চৈত্রের শেষবেলা পাতা ওড়ে না কি? গতবছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝোরে তাকে শুধু ভালবেসো, এসো হে বৈশাখ এসো এসো’।
আরও খবর-
