২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাট-বাজার খোলা স্থানে সরানোর নির্দেশ

ছোঁয়াচে রোগ কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দেশের হাট-বাজারগুলো খোলা স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 08:51 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

স্থানীয় সরকার বিভাগ রোববার জেলা প্রশাসক, জেলা পরিষদ ও ‍উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।

সেখানে বলা হয়েছে, “গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

“এ পরিপ্রেক্ষিতে করেনাভাইরাসের প্রাদুর্ভব মোকাবেলায় গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা প্রয়োজন।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতোমধ্যে বিভিন্ন স্থানে স্থানীয় উদ্যোগে হাট-বাজার খোলা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দূরত্বের জন্য জায়গা দরকার, তাই বাজার বসল স্কুল মাঠে

‘সামাজিক দূরত্ব বজায় রাখতে’ শার্শার কাঁচাবাজার খোলা মাঠে স্থানাস্তর  

করোনাভাইরাসের সংক্রমণরোধে গ্রামীণ কাঁচা বাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।

এজন্য করেনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে গ্রামীণ হাট-বাজার, কাঁচা বাজারগুলো পার্শ্ববর্তী স্কুলের মাঠ, খোলা মাঠ এবং খোলা জায়গায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।