২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সামাজিক দূরত্ব বজায় রাখতে’ শার্শার কাঁচাবাজার খোলা মাঠে স্থানাস্তর

সামাজিক দূরত্ব বজায় রাখাতে যশোরের শার্শা উপজেলার স্থানীয় মাছ ও কাঁচাবাজারের দোকানগুলো খোলা মাঠে বসানো হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 03:19 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

উপজেলা প্রশাসনের নির্দেশে শনিবার থেকে উপজেলার বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআচড়া বাজারে এ আদেশ কার্যকর করা হয়েছে।

যশোর-বেনাপোল ও নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দুই ধারের প্রাত্যহিক বাজারও সরানো হয়েছে।

শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআচড়া বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোলে কাঁচা বাজার ও মাছের দোকান বসেছে বেনাপোল নায়েব অফিসের মাঠে।

এছাড়া বাগআচড়ায় হাইস্কুল মাঠে, শার্শায় হাসপাতালের সামনে এবং নাভারনে হাইস্কুল মাঠে সাময়িকভাবে বাজার বসানো হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, করোনাভাইরাস সচেতনতায় সামাজিক দূরত্ব বাজায় রাখতে সরকারি নির্দেশনা থাকলেও স্থানীয় বাজারগুলোতে তা মানা হচ্ছিল না। সরেজমিনে দেখা গেছে- চিরাচরিত অভ্যাসেই লোকজন দোকানে যাচ্ছেন এবং পাশাপাশি দাঁড়িয়ে কেনাকাটা করছেন।

“তাই সামাজিক দুরত্ব বজায় রাখতে স্থানীয় কাঁচাবজার ও মাছের বাজার খোলা মাঠে নিয়ে যাওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে।” 

প্রতিনিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এসব বজার খোলা থাকবে বলে জানান তিনি।

বাগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি ইলিয়াছ কবির বকুল বলেন, উপজেলার সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র বাগআচড়া। এখানে প্রাত্যহিক বাজারের পাশাপাশি সপ্তাহে দুই দিন কাঁচামালের হাট বসে। এ হাট থেকে ১৫-২০ট্রাক কাঁচামাল দেশের বিভিন্ন জেলায় যায়।

“বিভিন্ন জায়গা থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের আগমনে বাজারটি জমজমাট হয়ে উঠে।

 চিরাচরিত অভ্যাসেই তারা পাশাপাশি দাঁড়িয়ে কেনাকাটা করেন। তাই 

করোনাভইরসের সংক্রমণ এড়াতে ফাঁকা মাঠে এ বাজার বসানো হয়েছে।”