এমপি শিখরের মামলায় জামিন নিলেন সাংবাদিক মতিউর রহমান চৌধুরী
সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিলেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
মতিউর রহমানের আবেদনে বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ চার সপ্তাহের জামিন দেন।
পাশাপাশি মতিউর রহমান চৌধুরীকে সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ এবং মামলার তদন্তের প্রয়োজনে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করতেও বলেছে উচ্চ আদালত।
আদালতে মতিউর রহমান চৌধুরীর জামিন আবেদেনের শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেলকেন্দ্রিক কারবারে ‘জড়িত’দের নিয়ে প্রকাশিত প্রতিবেদনের কারণে মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে মামলাটি করেন শিখর।
গত ১০ মার্চ করা এই মামলায় মানবজমিনের প্রতিবেদক আল আমীনসহ মোটে ৩২ জনকে আসামি করা হয়।
মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে এই মামলার নিন্দা জানিয়েছে সাংবাদিকদের সংগঠনগুলো। সম্পাদক পরিষদ মামলাটি তুলে নেওয়ার দাবি জানিয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই মামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে।
