যাত্রাবাড়ীর একই এলাকায় ফের দুর্ঘটনা, আরেক তরুণের মৃত্যু
পাঁচদিনের ব্যবধানে রাজধানীর যাত্রাবাড়ীর একই এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী আরেক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মৃধাবাড়ীর বাঁশের পুল এলাকায় বাসের ধাক্কায় আহত হন ইমন সরকার ও কৌশিক নামের দুই তরুণ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।
ইমনের ভগ্নিপতি আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমন ও কৌশিক বন্ধু। তারা সকালে বাসা থেকে বের হয়েছিলেন।
“দুপুরে বাসায় ফেরার সময় বাঁশের পুল এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে তারা আহত হয়। হাসপাতালে নেওয়ার পর ইমন মারা যায়।”
ইমন বেকার ছিল জানিয়ে আলাউদ্দিন বলেন, “ইমন দুই ভাই, দুই বোনের মধ্যে ছোট। লেখাপড়া শেষ করে চাকরি খুঁজছিল সে।”
যাত্রাবাড়ী থানার এএসআই মো. ইউনুস জানিয়েছেন, ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে গেছে।
গত বুধবার এই মৃধাবাড়ী এলাকায় মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন হামিম ভূঁইয়া নামের এক ব্যক্তি। তিনি ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি করতেন।
