উহানফেরতদের বাড়ি ফেরা শুরু
নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে চীনের উহান থেকে দেশে ফেরা বাংলাদেশিদের দুই সপ্তাহ পর্যবেক্ষণ শেষে বাড়ি ফেরা শুরু হয়েছে।
শনিবার বিকালে আশকোনা হজ ক্যাম্পে শেষবারের মত তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ততক্ষণে স্বজনরাও ওই ভবনের বাইরে ভিড় করতে শুরু করেন।
সব প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরতে শুরু করেন দুই সপ্তাহ আলাদা হয়ে থাকা উহানফেরতরা। তাদের অনেকে আত্মীয়-স্বজনদের সঙ্গে ব্যক্তিগত গাড়িতে করে বাড়ির পথ ধরেন। বাকিরা যান বিআরটিসির বাসে। রাত ১০টার পর বিআরটিসির বাসগুলো ছেড়ে যায়।
উহান থেকে ফেরা একজন শিক্ষার্থীর বাবা টঙ্গীর বোর্ডবাজারের বাসিন্দা রাত পৌনে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব কাগজপত্র হাতে পেয়েছে। এখন তার একটা স্বাক্ষর বাকি আছে। এটা দেওয়ার পর বাড়ি চলে যাব। খুবই ভালো লাগছে এতদিন পর ছেলেকে কাছে পাচ্ছি।”
রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা এক চিকিৎসকও তার উহানফেরত ছেলেকে নিতে আশকোনায় এসেছিলেন।
তিনি জানান, তার ছেলে থাকেন পর্তুগালে। পিএইচডির একটি কাজে সম্প্রতি চীনের উহানে এসেছিলেন। কিন্তু করোনাভাইরাস সংক্রান্ত জটিলতায় চীন থেকে এখন দেশে। জায়গা হয় কোয়ারেন্টিনে। তবে ছেলেকে সুস্থ পেয়েই তিনি খুশি।
উহানে আটকেপড়াদের ফিরিয়ে আনায় সরকারকে ধন্যবাদ দেন তিনি।
“ছেলে সুস্থভাবে ফিরে এসেছে তাতে খুশি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখানকার কারও কোনো সমস্যা ধরা পড়েনি।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ রাত ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রাতেই উহানফেরত ২০০ জন বাড়ি ফিরছেন।
“ঢাকা ও এর আশপাশে যাদের বাড়ি তারা আজ চলে গেছেন। যাদের বাড়ি ঢাকা থেকে দূরে তারা কাল সকালে যাবেন। তারা বাড়ি ফেরার পরও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। তাদের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়মিত আমাদের জানাবেন।”
গত ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে ৩১২ জনকে চীনের উহান থেকে ফিরিয়ে আনার পর এই হজক্যাম্পেই তাদের ৩০১ জনকে ‘কোয়ারেন্টিনে’ রাখা হয়। বাকি ১১ জনকে রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। এই সময়টায় স্বজনরা তাদের সঙ্গে দেখা করতে পারেননি।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর জানিয়েছে, উহান থেকে যাদের ফিরিয়ে আনা হয়েছে, পর্যবেক্ষণের সময় বা শেষবার পরীক্ষাতে তাদের কারও মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি।
শনিবার শেষ বারের মত স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের সবাইকে স্বাস্থ্য সনদ এবং সংবর্ধনা দেওয়া হয়।
বেলা সাড়ে ৪টার দিকে তাদের ‘কোয়ারেন্টিন’ সময় শেষ হয় বলে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানান।
তিনি বলেন, বিকাল ৫টার দিকে তাদের স্ক্রিনিং শুরু হয়ে ঘণ্টা তিনেক চলে। পরে তাদের পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। রাতে সবাই একসঙ্গে খাবার খান। পরে ঢাকা ও আশপাশে যাদের বাড়ি তারা চলে যান।
উহানফেরত সবাইকে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সামনের দিনগুলোতে কীভাবে তাদের চলাফেরা করা উচিৎ সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে।
পর্যবেক্ষণের দুই সপ্তাহ শেষ হলেও আইইডিসিআরএর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
গতবছরের শেষ দিন চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন ধরনের করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। ওই শহরের একটি সি ফুড মার্কেট থেকেই ভাইরাসটি প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয় বলে ধারণা করা হচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিক উপসর্গ হয় ফ্লু বা নিউমোনিয়ার মত। কিন্তু বয়স্ক এবং অন্য অসুস্থতা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এ সংক্রামক রোগ হয়ে উঠতে পারে প্রাণঘাতী। এর কোনো প্রতিষেধক জানা না থাকায় আপাতত আক্রান্ত বা ভাইরাস বহনকারীদের আলাদা করে রাখাই এ ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকানোর একমাত্র উপায়।
এ করোনাভাইরাসকে এতদিন নভেল বা নতুন করোনাভাইরাস বা সংক্ষেপে ২০১৯-এনসিওভি বলা হচ্ছিল। এ ভাইরাস যে রোগ সৃষ্টি করছে তার নতুন নাম দেওয়া হয়েছে কভিড-১৯ (করোনাভাইরাস ডিজিজ)।
নতুন এ করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে দেড় হাজার ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যা হয়েছে অর্ধ লক্ষাধিক। মৃত্যু ও সংক্রমণের অধিকাংশ ঘটনাই ঘটেছে চীনের উহান প্রদেশে।
প্রথম দফায় ৩১২ বাংলাদেশিকে ফেরানো হলেও হুবেইয়ের বিভিন্ন শহরে আটকেপড়া অন্য বাংলাদেশিরা এখনও দিন কাটাচ্ছেন অবরুদ্ধ অবস্থায়। কেবল উহানেই এখনও আটকে আছেন অন্তত ১৭১ জন। উহানের পাশের শহর ইচাংয়েও ১৭২ জন আটকে আছেন, তারাও দেশে ফিরতে আগ্রহী।
সরকার তাদেরও ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিল, কিন্তু প্রথম দলটিকে চীন থেকে উড়িয়ে আনা বিমানের পাইলটদের এখন অন্য দেশ ঢুকতে না দেওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে অন্য কোনো পাইলটকে আর চীনে পাঠানোর ঝুঁকি নেওয়া যাচ্ছে না।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্পষ্ট করেই বলেছেন, চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে আর সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। ব্যক্তিগত খরচে কেউ ফিরলে সরকার পরবর্তী ব্যবস্থা নেবে।
পুরনো খবর
