২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালদীঘি হত্যার বিচার হয়েছে, আক্ষেপ রয়ে গেছে

চট্টগ্রামের লালদীঘি মাঠের কাছে শেখ হাসিনার গাড়িবহরে গুলিতে ২৪ জনকে হত্যার ঘটনায় করা মামলায় ৩১ বছর পর রায় হল।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2020, 08:17 PM

Updated : 18 Aug 2022, 02:21 PM

এই দীর্ঘ সময়ে মামলার বাদীর পাশাপাশি তিন আসামি, সর্বশেষ তদন্ত কর্মকর্তা, নিহতদের স্বজন ও গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীও মারা গেছেন।

২০১৮ সালের ১ নভেম্বর এক অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার বিচার কাজ শেষ না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছিলেন।

সোমবার ঘোষিত রায়েও বিভিন্ন সময় মামলার বিচার কাজ ‘বিঘ্নিত’ হওয়ার বিষয়টি উঠে আসে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ঘটনা সংশ্লিষ্টরা বিচার কাজ দেখে যেতে না পারায় আক্ষেপ ঝরেছে স্বজনদের কণ্ঠে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এইচ এম এরশাদের আমলে মামলা করতে না পারা, বিএনপির আমলে বিচার শুরু না করা, দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণ না হওয়া, বিভিন্ন সময় সংশ্লিষ্ট আদালতে বিচারক না থাকা এবং সাক্ষী হাজির না হওয়াসহ নানা কারণে বিচার কাজ বিলম্বিত হয়েছে।

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি ঘটনার পর মামলা করতে গেলেও মামলা করতে পারেননি বাদী আইনজীবী মো. শহীদুল হুদা। তিনি ২০০৫ সালের ৭ মার্চ মারা যান।

বাদীর ছেলে আইনজীবী এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পরই বাবা মামলা করতে গিয়েছিলেন। তখন অনেকে অসহযোগিতা করেন। আসামি পক্ষের লোকজন বাবাকে হুমকিও দিয়েছিল। পরে ১৯৯২ সালের ৫ মার্চ বাবা মামলা করেন।”

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি বন্দরনগরীর লালদীঘি মাঠে আওয়ামী লীগের জনসভার দিন বেলা ১টার দিকে শেখ হাসিনাকে বহনকারী ট্রাক আদালত ভবনের দিকে এগোলে নির্বিচার গুলি ছোড়া শুরু হয়।

আইনজীবীরা আওয়ামী লীগ সভানেত্রীকে ঘিরে মানববেষ্টনি তৈরি করে তাকে নিরাপদে আইনজীবী সমিতি ভবনে নিয়ে যাওয়ায় তিনি রক্ষা পান। কিন্তু ২৪ ছাত্র-জনতার প্রাণ গুলিতে ঝরে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নব্বইয়ে এরশাদের পতন হলে যারাই ক্ষমতায় আসুক এই হত্যাকাণ্ডের বিচার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

“কিন্তু বিএনপি ক্ষমতায় এসে বিচার তো করেইনি, উল্টো প্রধান আসামি মীর্জা রকিবুল হুদাকে রাজউকের সদস্য করে পুরস্কৃত করে। এমনকি মামলাটি তারা তদন্তের অনুমোদনও দেয়নি।”

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়। আদালতের আদেশে সিআইডি মামলাটি তদন্ত করে ১৯৯৭ সালের ১২ জানুয়ারি প্রথম এবং অধিকতর তদন্ত শেষে ১৯৯৮ সালের ৩ নভেম্বর দ্বিতীয় দফায় অভিযোগপত্র দেওয়া হয়, যাতে আসামি করা হয় আট পুলিশ সদস্যকে।

১৯৯৭ ও ১৯৯৮ সালে একজন করে মোট দুজন এ মামলায় আদালতে সাক্ষ্য দেন। এরপর ২০০০ সালে এ মামলায় কয়েকজন সাক্ষ্য দেন। ২০০১ সালের মে থেকে ২০০৬ সালের ২৩ অগাস্ট এ মামলায় কেউ সাক্ষ্য দেয়নি।

২০০৯ সালের ২৬ জুলাই থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত এ মামলায় কারও সাক্ষ্যগ্রহণ হয়নি।

এরপর ২০১৬ সালের ২০ জানুয়ারি মামলাটি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে আসলে আবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

Image
নিহতদের স্মরণে গড়ে তোলা স্মৃতিস্তম্ভ

নিহতদের স্মরণে গড়ে তোলা স্মৃতিস্তম্ভ

বিভাগীয় বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ২০০৯ এর জুলাই থেকে ২০১৬ এর মধ্য জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত প্রথম মহানগর দায়রা জজ আদালতে মামলায় কোনো সাক্ষী সাক্ষ্য দেননি।

“আমাদের আদালতে আসার পর থেকে আমি সাক্ষী নেওয়া শুরু করি। এরমধ্যে গত বছরের ৭ জানুয়ারি থেকে এই আদালতে বিচারক নেই বদলিজনিত কারণে। মাঝখানে এক বছরের মত সময় গেছে মীর্জা রকিবুল হুদার মৃত্যুর বিষয়টি আইনগতভাবে নিশ্চিত হতে।”

আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, “অনেক সময় সাক্ষীও আসেনি। রকিবুল হুদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া নিয়ে সময়ক্ষেপন করেছে আসামি পক্ষ। তবে এত কিছুর পরও এই ভয়ানক গণহত্যার রায় হওয়াটি দৃষ্টান্তমূলক।”

বাদী শহীদুল হুদার ছেলে এরশাদ হোসেন বলেন, এই দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সরকার উচ্চ পর্যায় থেকে বারবার মামলাটি গতিশীল করতে চাপ দেওয়া হচ্ছিল।

“তার পরেও কেন দ্রুত মামলা এগোয়নি সেটা সংশ্লিষ্ট দেখবেন। আমার বাবা মৃত্যুর আগে বারবার আমাদের পরিবারের সদস্যদের কাছে মামলাটির বিষয়য়ে বলতেন। তিনি রায় দেখে যেতে চেয়েছিলেন।”

এই মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা এএসপি আব্দুল কাদেরও মারা গেছেন।

এই মামলায় সাক্ষী ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, এম এ জলিল, এম এ মান্নান, আখাতারুজ্জামান চৌধুরী বাবু ও আতাউর রহমান খান কায়সার। তারাও গত কয়েক বছরে মারা গেছেন।

গণহত্যার ঘটনায় নিহত এথেলবার্ট গোমেজ কিশোরের মেয়ে পাপড়ি গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারে আমি সন্তুষ্ট। কিন্তু এই বিচার যার দেখে যাওয়ার প্রয়োজন ছিল তিনি দেখে যেতে পারেননি। ২০০৬ সালে আমার মা মারা গেছেন। মা বেশি খুশি হতেন।”

পুরনো খবর:

লালদীঘির ২৪ হত্যা: বিচারের অপেক্ষায় তিন দশক
লালদীঘির ২৪ হত্যা: ৩১ বছরে শেষ হল সাক্ষ্যগ্রহণ
লালদীঘিতে শেখ হাসিনার সভায় গুলিতে ২৪ জনকে হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড
লালদীঘির ঘটনা পরিকল্পিত গণহত্যা, বললেন বিচারক