২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ খুন: সাক্ষ্য দিলেন আলোকচিত্র সাংবাদিক

যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2019, 01:06 AM

Updated : 18 Aug 2022, 06:19 PM

সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন।

সাক্ষীরা হলেন- ফটোসাংবাদিক জীবন আহম্মেদ ও হকার তারিকুর রহমান।

জীবন ঘটনাস্থলের ছবি তুলেছিলেন। তারিকুর ছিলেন প্রসাধন সামগ্রী বিক্রেতা। তারা দুজন হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে হাজির হয়েছিলেন।

তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামি ১৯ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

এ নিয়ে মামলাটিতে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ট্রাইবুনালের পেশকার পারভেজ ভূঁইয়া।

অমর একুশে বইমেলা উপলক্ষে বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সস্ত্রীক দেশে আসেন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়।

ওইদিন রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন বন্যা। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটিতে গত ১ অগাস্ট ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।

অক্টোবরের শেষ সপ্তাহে এতে প্রথম সাক্ষ্য দেন অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অজয় রায়। ছেলে হত্যার বিচার শেষ হওয়ার আগেই গত ডিসেম্বরে চিরবিদায় নেন তিনি।

পুরনো খবর:

সাক্ষ্য দিলেন অভিজিতের বাবা
অভিজিৎ হত্যা মামলায় পুলিশ কনস্টেবলের সাক্ষ্য
অভিজিৎ হত্যা মামলায় আরও ৩ জনের সাক্ষ্য