২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ হত্যা মামলায় পুলিশ কনস্টেবলের সাক্ষ্য

প্রবাসী লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন পুলিশের কনস্টেবল সাইফুল কবির।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2019, 06:01 PM

Updated : 08 Apr 2022, 05:10 PM

বুধবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে তার সাক্ষ্য নেওয়া হয়।

এনিয়ে অভিজিৎ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে মোট আট জন সাক্ষ্য দিলেন। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য ৩০ ডিসেম্বর দিন ঠিক করেছেন বিচারক।

গত ২৮ অক্টোবর এই মামলায় অভিজিতের প্রয়াত বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অজয় রায়ের জবানবন্দির মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওইদিন জব্দ তালিকার সাক্ষী মাসুদর রহমান নামে আরেকজন সাক্ষ্য দেন।

এরপর গত ১৮ নভেম্বর জব্দ তালিকার সাক্ষী সেলিম ও পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম সাক্ষ্য দেন। সর্বশেষ ২ ডিসেম্বর টিএসরি চা দোকানি আব্দুল মালেক ও হাবিব এবং হত্যাকাণ্ডের দিন বই মেলায় আসা ঢাকা কলেজের শিক্ষার্থী আমিনুজ্জামান।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে অভিজিৎকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় পরে অভিজিতের বাবা অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

আসামিরা হলেন- বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, আবু সিদ্দিক সোহেল ওরফে শাহাব, মোজাম্মেল হোসেন ওরফে সাইমুম, আরাফাত রহমান ওরফে সিয়াম, শফিউর রহমান ফারাবী, আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান। এদের মধ্যে মেজর জিয়া ও আকরাম পলাতক। 

পুরনো খবর:

চলে গেলেন অভিজিতের বাবা অজয় রায়