২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইনুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 05:29 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

অসুস্থতার কারণ দেখিয়ে বৃহস্পতিবার মইনুল হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম তা মঘ্জুর করে আগামী ১২ এপ্রিল নতুন দিন নির্ধারণ করে দেন।

মইনুলের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।   

মামলা বাদী মাসুদা ভাট্টি এদিন আদালতে হাজির ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে উদ্যোগী হওয়ার মধ্যে গত বছরের ১৬ অক্টোবর এক টিভি আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে সমালোচনার মুখে পড়েন মইনুল।

ওই ঘটনায় দেশজুড়ে তার বিরুদ্ধে দুই ডজনের মতো মামলা হয়; ঢাকায় মাসুদা ভাট্টি নিজে এই মামলা করেন; তবে তার মধ্যেই মাসুদা ভাট্টিকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

জেলায় জেলায় মামলা হওয়ার পর গত বছরের ২২ অক্টোবর ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করে পুলিশ। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত ১৪ জানুয়ারি কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

মাসুদা ভাট্টির করা এ মামলায় হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর মইনুল সেই জামিননামা ঢাকার জজ আদালতে দাখিল করেছিলেন। কিন্তু হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ গত ২১ অগাস্ট এক আদেশে ১৫ দিনের মধ্যে মইনুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলে।

সে নির্দেশ অনুযায়ী তিনি গত ৩ সেপ্টেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হেসেন।

এর দুইদিন পরে একই বিচারক তাকে জামিন দেন।

গত ৬ অক্টেবর মামলাটি বিচারের জন্য স্থানান্তরিত হয়ে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে আসে।

পুরনো খবর:

মাসুদা ভাট্টির মামলায় মইনুলের জামিন