২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মুদ্রা পাচারের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2019, 07:18 PM

Updated : 08 Apr 2022, 05:08 PM

মঙ্গলবার দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলায় বলা হয়, আসামি ফিরোজ ইকবাল ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের নামে ৬৪ লাখ ৬৭ হাজার ৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে ৩৩ লাখ ৯৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি।

এছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে বিভিন্ন ব্যাংকে এক কোটি ৫৭ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে উল্লেখ করে মামলায় আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় অভিযোগ আনা হয়।