২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টের স্থিতাবস্থা, ‘আপাতত’ থাকছে আসক কার্যালয়

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রকে (আসক) তাদের লালমাটিয়ার কার্যালয় ছাড়তে ভ্রাম্যমাণ আদালত যে নির্দেশ দিয়েছিল, তার ওপর তিন মাসের স্থিতাবস্থা দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2019, 03:48 PM

Updated : 18 Aug 2022, 06:11 PM

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেয়।

হাই কোর্টের এ আদেশের ফলে ‘আসক’কে আপাতত ওই কার্যালয় ছাড়তে হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাজউকের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ‘আসক’কে দুই লাখ টাকা জরিমানার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতের আসকের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আইনজীবী জেড আই খান পান্না পরে সাংবাদিকদের বলেন, ‘ভ্রাম্যমান আদালতের নির্দেশটিতে হাই কোর্ট তিন মাসের স্থিতাবস্থা দিয়েছেন। আর আমাদের বলা হয়েছে যে বিষয়গুলো আমরা বলেছি এগুলোর সাপোর্টিং ডকুমেন্টগুলো পরবর্তী তারিখে দাখিল করা জন্য।’

লালমাটিয়ার বি ব্লকের ১৬ নম্বর হোল্ডিংয়ের ৫ তলা ভবনের চারটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছে আসক। ওই বাড়ির বিভিন্ন তলায় সাতটি প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে।

গত ১৪ নশ্বের সেখানে অভিযান চালায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানোয় আসককে ২ লাখ টাকাসহ সব প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। বাড়ির মালিককে ৭ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এরপর আসকসহ অন্য প্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাসের মধ্যে ভবনটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

পরদিন এক সংবাদ সম্মেলনে আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজা বলেন, ওই ভবন মালিকের রাজউকের নকশাবহির্ভুত গ্যারেজের অংশে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার আসক কার্যালয়ে এসে আবাসিক এলাকায় অফিস পরিচালনার কারণ জানতে চান। আসকের পক্ষ থেকে সব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয় এবং জানানো হয়, ভাড়াটিয়া হিসেবে সব শর্ত মেনেই আসক অফিস পরিচালনা করছে।

শীপা হাফিজ ওইদিন বলেন, সারাদেশে আসকের একটিই কার্যালয় এবং এখানে শুধু দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয়। আসক কোনো ধরনের আর্থিক কিংবা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেনা। বাংলাদেশ এনজিও ব্যুরোসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমোদন নিয়েই আসক দীর্ঘ ৩৩ বছর ধরে মানবাধিকার রক্ষায় কাজ করে আসছে।

সবকিছু জানানোর পরেও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩(ক) ধারা মতে আসককে আগামী দুই মাসের মধ্যে কার্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশনার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করেন।

“অথচ আইনের ওই ধারাটি ভবন মালিক, নির্মাণ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। আসক শুধু ভাড়াটে হিসেবে ভবনটি ব্যবহার করছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালত বিষয়গুলো আমলে না নিয়ে জরিমানা বহাল রাখেন এবং জরিমানা আদায় করেন,” বলেন আসকের নির্বাহী পরিচালক।

এরপর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বৈধতা চ্যালঞ্জে করে আসক হাই কোর্টে রিট আবেদন করে।

পুরনো খবর:

কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশ্য নিয়ে আসকের প্রশ্ন
আবাসিক ভবন ছাড়তে রাজউকের নির্দেশে আসকের উদ্বেগ