২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে অটোরিকশাচালক হত্যায় চার জনের যাবজ্জীবন দণ্ড

রাজধানীর কাফরুলের অটোরিকশাচালক আলমগীর হোসেন হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2019, 04:09 PM

Updated : 18 Aug 2022, 06:05 PM

ছয় বছর আগের এই মামলার বিচার শেষে মঙ্গলবার ঢাকার নবম বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডিতদের মধ্যে দুজন উপস্থিত এজলাসে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

দণ্ডিতদের মধ্যে ওয়ারীর হাটখোলার রোডের প্রয়াত এমএম হামিদ উল্লাহর ছেলে এমএম সাইফুল্লাহ (৫০) ও ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মোড়াইল মোল্লাবাড়ির বাসিন্দা ইকবাল ওরফে মমিন শাহ (৬০) উপস্থিত ছিলেন। 

রায়ে বলা হয়েছে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। অন্যথায় তাদের প্রত্যেককে আরও ছয় মাস করে অতিরিক্ত কারাভোগ করতে হবে। 

এ আদালতের পেশকার ফোরকান মিয়া জানান, তারা সবাই মাদকাসক্ত ছিল। তাদের কারও কারও বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ, লক্ষিপুর ও ঢাকায় কতগুলো মামলা রয়েছে।

মামলায় পলাতকরা হলেন- উত্তর কাফরুলের খুরশিদ মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৫), তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুলতান নগর গ্রামে।

আর সুমন ওরফে চোর সুমন (২৩) ইব্রাহিমপুর বাঁশতলার হাবিবুল্লাহ রোডে থাকতেন। তার গ্রামের বাড়িও একই থানার গুজাদিয়া জাটিয়া পাড়া গ্রামে।

রায়ের বিবরণে বলা হয়, তারা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য গ্রহণ করে চিৎকার-চেচামেচি করে এলাকাবাসীকে বিরক্ত ও উৎপাত করতো। তাদের এসব কাজে বাধা দেওয়ায় রাতে নেশা জাতীয় দ্রব্য পান করে নিহতের বাসায় ইটপাটকেল ছুঁড়ে।

২০১৩ সালের ১৬ মার্চ দিবাগত রাতে পৌনে ২টার সময় তারা ডাব খেয়ে বাড়ির দিকে খোলা ছুঁড়ে মারে। আলমগীর ঘটনার প্রতিবাদ করে ।

এতে ক্ষিপ্ত হয়ে দণ্ডিতরা রাত ৪টার দিকে আবার ওই বাড়িতে আসেন এবং নিহতের স্ত্রী এই মামলার বাদিনী হাজেরা বেগমকে (৩২) বলেন. আলমগীরকে বের করে দেন তার সাথে কথা আছে।

হাজেরা বেগম বলেন, “আমার স্বামী ঘুমিয়ে পড়েছে। একথা বলায় দণ্ডিতরা চলে যান।”

পরের দিন বাড়িওয়ালা এবাদুল্লাহকে জানালে সে মীমাংসা করে দেবে বলে জানায়। কিন্তু মীমাংসার আগেই ১৭ মার্চ সন্ধ্যায় আলমগীরকে লাঠিসোঁটা, ইটপাটকেল ও বটিসহ আক্রমণ করে। হত্যার উদ্দেশ্যে তারা কিলঘুষি মারে। ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

মামলার তদন্তের সময় আসামি কামরুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে ১৮ মার্চ কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৬ জন এবং আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দেন চারজনের।

রায়ে বলা হয়, এদের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। কিন্তু বটিটি নিহতের হাত থেকেই পাওয়া যায়। হয়তো সে আসামিদের হাত থেকে সেটি কেড়ে নিয়েছিল।