২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের দীর্ঘতম সেতুর কাজ শুরু শিগগিরই: কাদের

দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশালকে যুক্ত করতে বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2019, 04:45 PM

Updated : 08 Apr 2022, 04:59 PM

মঙ্গলবার ঢাকার বনানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে।

বাংলাদেশে এখন দীর্ঘতম সড়ক সেতু হচ্ছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু, এর দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার। ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর কাজ শেষ হলে তা হবে দীর্ঘতম সেতু।

বরিশাল-ভোলা সেতু হবে পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ।

কাদের বলেন, “এই সেতুর দৈর্ঘ্য হবে আট কিলোমিটার। এটাই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু।”

এই কাজের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, “অলরেডি ফিজিবিলিটি টেস্ট শেষ হয়েছে, এখন ডিপিপি প্রণয়নের কাজ চলছে। ফান্ডিংয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। চায়না এই সেতুতে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে।”

বরিশাল-ভোলা সেতু পদ্মা সেতুর মতো হবে না, এতে রেল থাকবে না বলে জানান মন্ত্রী।

বড় প্রকল্পগুলোতে ‘বড় দুর্নীতি’ হচ্ছে বলে বিএনপির অভিযোগের জবাবে কাদের বলেন, “উন্নয়ন অগ্রগতিতে সারা বিশ্বে বিস্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা দৃশ্যমান কাজ বিএনপি দেখাতে পারবে না।

“তাদের (বিএনপি) আছে কথামালার চাতুরি। তাদের সরকার এই দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি। এখন শেখ হাসিনা সরকার করছে, এটা তাদের গায়ে জ্বালা, অন্তর্জ্বালা তারা সইতে পারছে না।”