২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে আহছানউল্লার ভিসির পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ঢাকার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 09:37 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

‘স্বেচ্ছাচারিতা’সহ বিভিন্ন অভিযোগে তার পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী শরিফুলের পদত্যাগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত উপাচার্য আসার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক আমানউল্লাহ ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

Image
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদত্যাগী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলম

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদত্যাগী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলম

স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলমের পদত্যাগসহ ৯ দাবিতে সোমবার আন্দোলনে নামেন আহছানউল্লার শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের অন্য দাবির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অন্যান্য দাবি নিয়মিত উপাচার্য যোগদানের পরে বিবেচনা করার জন্য পেশ করা হবে।”

রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ ছাড়াই রোববার সমাবর্তন আয়োজন করলেও আগের দিন শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সেটি স্থগিত করা হয়েছিল।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ২ নভেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের কথা জানানো হয়।

পুরনো খবর:

ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনে আহসানউল্লাহর শিক্ষার্থীরা