২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ কার্যালয়েই পরিচ্ছন্নতা অভিযানে বিএসটিআই

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে  ঘোষণা করা মুজিব বর্ষকে সামনে রেখে নিজ কার্যালয়ের ভেতরেই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকারি মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 09:26 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিএসটিআইয়ের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

মুজিব বর্ষ উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ শ্লোগানকে সারাদেশে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এই কর্মসূচিতে নেমেছে বিএসটিআই।

কর্মসূচি শুরুর আগে বিএসটিআই মহাপরিচালক বলেন,  “বিএসটিআই বাংলাদেশের একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান। তাই জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি আপনাদের দায়বদ্ধতা অনেক বেশি।“

ভোক্তাগণ যাতে বিএসটিআইয়ের মানচিহ্নের প্রতি আস্থা অর্জন করতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মুয়াজ্জেম হোসাইন বলেন,  বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দ্রুততম সময়ে জনগণকে সেবা দেওয়া এবং পণ্যের মানের বিষয়ে আপোষহীন থাকতে হবে।