২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস ঠিক করার আগে নতুন গাড়ির ভাবনা: কাদের

নতুন যানবাহন না নামিয়ে এই মুহূর্তে ফিটনেস নিয়ে কাজ করতে গেলে রাস্তায় গাড়িই কমে যাবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 04:33 PM

Updated : 08 Apr 2022, 04:56 PM

সেক্ষেত্রে যে জনদুর্ভোগ সৃষ্টি হবে, সেটি মাথায় রেখে গণপরিবহন ব্যবস্থায় নতুন যানবাহন যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তবে ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি সরবরাহ বন্ধ করতে সম্প্রতি হাই কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা মানলে মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

গত ২৩ অক্টোবর হাই কোর্ট ফিটনেসবিহীন গাড়িতে তেল-গ্যাস-পেট্রোলসহ সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নির্দেশ দেয়।

যানবাহনের ফিটনেস আইন অনুসরণ করলে একটি বাসও ফিটনেস পাবে না, এ অবস্থায় হাই কোর্টের আদেশ মানা শুরু হলে গণপরিবহন থাকবে না। সেক্ষেত্রে জনভোগান্তি হবে কিনা- সোমবার সচিবালয়ে ওবায়দুল কাদেরের কাছে এ প্রশ্ন রাখা হয়েছিল।

জবাবে তিনি বলেন, “আমরা বাস্তবতার নিরিখে সব কিছু বিবেচনা করব। ঢাকা শহরে দেখা যায় আমরা যখন রোড সেফটি প্রোগ্রামে গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করি, তখন গাড়ি কমে যায়। জনগণের ভোগান্তি হয়।”

বিকল্প ব্যবস্থার বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিকল্প ব্যবস্থার বিষয়টি গভীরভাবে বিবেচনা করছি। গণপরিবহন আরও পরিবহন যুক্ত করার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। গণপরিবহন খাতে ঋণ সুবিধা দিতে মেয়র আনিস যে উদ্যোগ নিয়েছিলেন, সেভাবে বিষয়টাকে চিন্তাভাবনা করছি।

“বহরে আরও পরিবহন যুক্ত করা দরকার। তা না হলে ফিটনেসবিহীন গাড়ি যে অবস্থায় আছে এ অবস্থায় ব্যবস্থা নিতে গেলে কমই পাওয়া যাবে ভালো গাড়ি। অনেক গাড়িরই বাজে অবস্থা। দেখতেও গরিব গরিব চেহারা, আবার কেউ রংচং চড়ায়…বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট, এটি আমরা ভাবনা চিন্তা করছি।”

হাই কোর্টের নির্দেশ কবে নাগাদ বাস্তবায়ন শুরু হবে জানতে চাইলে কাদের বলেন, “হাই কোর্ট যখন আদেশ দিয়েছে.. পোট্রোল পাম্প তো জ্বালানি মন্ত্রণালয়ের, তারা এ আদেশ মানার প্রক্রিয়ায় কতটুকু এগিয়েছে তা জানি না।

“আগে হেলমেট না থাকলে তেল নয়- এমন যে ব্যবস্থা করা হয়েছিল সেটি কিন্তু কার্যকর হয়েছে। এ বিষয়টি মনে হয় জনস্বার্থে মেনে নেওয়া দরকার। মেনে নিলে মানুষ উপকৃত হবে।”

বিআরটিএর জনবল বাড়ানোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জনবল বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তাগিদ দেওয়া হচ্ছে। কাজ যতটা বেড়েছে সে তুলনায় জনবল নেই, জনবল আরও বাড়াতে পারব শিগগিরই।”

পুরনো খবর:

ফিটনেস না থাকলে গাড়িতে জ্বালানি নয়: হাই কোর্ট