২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় শমী কায়সারকে অব্যাহতি দিয়ে পুলিশের প্রতিবেদন

মানহানির অভিযোগে এক সাংবাদিকের করা মামলায় অভিনেত্রী ও উদ্যোক্তা শমী কায়সারকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 05:54 PM

Updated : 18 Aug 2022, 05:58 PM

১০০ কোটি টাকার মানহানির অভিযোগে করা এই মামলার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মাহাবুবুর রহমান।

মানহানির অভিযোগের কোনো ‘সত্যতা’ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় বলে ওই আদালতের পেশকার রাকিব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আদালতে উপস্থিত মামলার বাদী অনলাইন নিউজ পোর্টাল স্টুডেন্ট জার্নালবিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান বলেছেন, তিনি এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন বলে বিচারককে জানিয়েছেন।

বিচারক আগামী ২৫ নভেম্বর নারাজির বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন।

গত ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের একটি মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শমী কায়সার। বক্তব্য শেষে কেক কাটার পর তার দুটি স্মার্টফোন আর যথাস্থানে পাননি বলে জানান তিনি।

এরপর মিলনায়তনের মূল দরজা বন্ধ করে প্রায় অর্ধশত সাংবাদিককে আটকে রাখা হয়। প্রায় ১০ মিনিট ধরে মিলনায়তনে একাধিক সাংবাদিকের ব্যাগ তল্লাশি করেন শমী কায়সারের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকজন সংবাদকর্মী অনুষ্ঠানস্থল ত্যাগ করতে চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

তখন শমী কায়সার সাংবাদিকদের ‘চোর’ সম্বোধন করেছিলেন বলে মামলায় অভিযোগ করেন নুজহাতুল। ঘটনার ছয় দিন পর তিনি মামলাটি করেন।

পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, শমী কায়সারের কথা ‘ভুল বুঝেছেন’ ওই স্থানে উপস্থিত সংবাদকর্মীরা। পরে শমী কায়সার অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষমা প্রার্থনাও করেন, যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।

“তারপরও বাদী আদালতে মামলা দায়ের করেন। মামলাটি সার্বিক তদন্তে বিবাদী শমী কায়সার কর্তৃক বাদীর মানহানির কোনো ঘটনা ঘটে নাই মর্মে প্রকাশ পায়।:

বাদী নুজহাতুল সাংবাদিকদের বলেন, “প্রেস ক্লাবের মত জায়গায় শমী কায়সার সাংবাদিকদের ‘চোর’ বলে সম্বোধন করে সাংবাদিক সমাজের মানহানি করেন। তার ওই বক্তব্য বিভিন্ন পত্র-পত্রিকা, টেলিভিশনের আসে। তারপরও পুলিশ তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি। আমরা এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করব।”

পুরনো খবর:

সাংবাদিকদের হেনস্তার জন্য শমী কায়সারের দুঃখ প্রকাশ
শমী কায়সারের বিরুদ্ধে মানহানির মামলা