২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিকপঞ্জি নিয়ে ‘আলোচনা হয়নি’, খবর ভারতীয় গণমাধ্যমের

আসামের নাগরিকপঞ্জিতে (এনআরসি) বাদ পড়ার পর আদালতের রায়ে বিদেশি সাব্যস্ত হওয়া ব্যক্তিদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়নি বলে স্বীকার করেছে ভারত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2019, 05:11 PM

Updated : 08 Apr 2022, 04:48 PM

তথ্য অধিকার আইনে করা অনুসন্ধানের জবাবে সরকারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে অনলাইন পোর্টাল স্ক্রল ডট ইন এতথ্য জানিয়েছে।

গত ৯ সেপ্টেম্বর দেওয়া জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এবিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের কোনো বৈঠক/আলোচনা হয়নি।”

স্ক্রলের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ফেরানোর প্রচেষ্টা নিয়ে সরকার এখনও অস্পষ্ট।

তবে জনসভাগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে এনআরসি বাস্তবায়ন করে ‘অনুপ্রবেশকারীদের’ ফেরত পাঠানোর হুমকি দিয়ে আসছেন।

তবে অগাস্টে বাংলাদেশে সরকারি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, এনআরসি ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’।

গত সপ্তাহে জাতিংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন- এমন দাবি করেছে দেশের গণমাধ্যম।

তবে ওই বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এনআরসির কোনো উল্লেখ ছিল না।

ভারতের অর্থনৈতিক ফোরামের যোগ দিতে বৃহস্পতিবার ভারতে পৌঁছার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। শনিবার মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথ রয়েছে।

এদিকে নিউ ইয়র্কে মোদীর সঙ্গে হাসিনার সাক্ষাতের এক সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার অমিত শাহ মুসলিম অভিবাসীদের প্রত্যাবাসন করা হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, এনআরসি পুরো দেশজুড়েই বাস্তবায়ন করা হবে। তবে অমুসলিমদের কোনো চিন্তা নাই, ভারত তাদের আশ্রয় দেবে।

গত ৩১ অগাস্ট প্রকাশিত আসামে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে ১৯ লাখ লোক বাদ পড়েছেন, যাদের এখন আধা-বিচারিক অভিবাসী আদালতের মুখোমুখি হতে হবে। আদালতঘোষিত বিদেশিদের প্রত্যাবাসনের আগে বন্দিশালায় আটকে রাখা হবে।

পুরনো খবর:

আসামের নাগরিকপঞ্জি ভারতের অভ্যন্তরীণ বিষয়: জয়শঙ্কর