দুর্যোগে বাস্তুচ্যুতদের পুনর্বাসনে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব
ঝড়-বন্যা, পাহাড় ধস বা নদী ভাঙনসহ বিভিন্ন দুর্যোগে বাস্তুচ্যুতদের পুনর্বাসনের জন্য জাতীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন একটি কর্মশালার বক্তারা।
মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি অন দ্য ম্যানেজমেন্ট অব ডিজাসটার অ্যান্ড ক্লাইমেট ইনক্লুড ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট’ শীর্ষক কর্মশালায় একথা বলেন বিশেষজ্ঞরা।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নানা দুর্যোগে ৩ কোটি ৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে উল্লেখ করে রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, “বাস্তুচ্যুতদের পুনর্বাসনের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা কেমন হওয়া উচিৎ? আমরা এক্ষেত্রে মনে করেছি যে, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ই এ কাজটি করবে।
“তবে এই সমস্যা সমাধানের জন্য আমরা একটি জাতীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছি।”
প্রতি বছর সরকার দুর্যোগকালীন সময়ে যে অর্থ খরচ করে, তা যদি দুর্যোগ প্রতিরোধে ব্যয় করা হয় তাহলে খরচ ‘সাত থেকে আট ভাগ কমে আসবে’ বলেও মনে করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, “ত্রাণভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসে আমাদের নতুন কিছু সমাধান খুঁজতে হবে। তবে যা করতে হবে, তা খুব দ্রুত করতে হবে আমাদের।”
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসিন বলেন, “একটি পরিসংখ্যান বলছে, ২০৫০ সালে ১৫০ থেকে ২০০ মিলিয়ন মানুষ এই পরিবেশগত কারণে বাস্তুচ্যুত হবে।
“এদের মধ্যে ৫০ মিলিয়ন বাস্তুচ্যুত হবে এই এশিয়া-প্যাসিফিক রিজিওনে। সুতরাং পরিস্থিতি কত ভয়াবহ তা বোঝা যায়। আমাদের এই বাস্তুচ্যুতির ইস্যুতে আরও গুরুত্ব দিতে হবে।”
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান রাউল উলেনবার্গ ইনস্টিটিউটের পিপল অন দ্য মুভ থিমেটিক এরিয়া বিভাগের প্রধান ম্যাথিউ স্কট বাস্তুচ্যুতদের দ্রুত কর্মসংস্থানের উপর গুরুত্ব দেন।
তিনি বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি, বাস্তুচ্যুতদের ৬০ ভাগই চলে আসছে ঢাকা বা চট্টগ্রামে।
“শহরায়নের ক্ষেত্রে এটি বড় একটি সমস্যা তৈরি করছে। আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি, এদের দ্রুত কর্মসংস্থানের জন্য। বাস্তুচ্যুতরা যেসব এলাকায় আসছেন, সেখানে আগে থেকেই যারা থাকছেন, তাদের সঙ্গে সমন্বয় করেই এই কর্মসংস্থানের বাস্তবায়ন করতে হবে।”
সরকারকে আরবান গ্রোথ সেন্টার বিকেন্দ্রীকরণ করে কর্মসংস্থানের বিকল্প পদ্ধতি খুঁজে বের করার পরামর্শও দেন আলোচকরা।
অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ক্ষেত্রে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সাহায্য আসলেও বিশেষজ্ঞদের পরামর্শ, বেসরকারি খাতকেও এতে সংশ্লিষ্ট হতে হবে।
পরে প্রতিমন্ত্রী এনামুর রহমানও তাদের কথায় সায় দেন।
সরকারের গ্রোথ সেন্টার বিকেন্দ্রীকরণে বেসরকারি খাতগুলো সহায়তা করতে পারে জানিয়ে তাসনিম সিদ্দিকী বলেন, “গ্রোথ সেন্টারগুলো ডিসেন্ট্রালাইজেশন করতে পারলে তাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আমরা মনে করছি।
”সেক্ষেত্রে বাস্তুচ্যুতদের তাদের এলাকার কাছাকাছি রাখতে পারব আমরা। ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক যে অভিবাসন, সেটাকে আমরা বন্ধ করতে পারব।”
কর্মশালায় অতি দুর্যোগপ্রবণ এলাকার ভূমি ব্যবস্থাপনাকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম সাজাতে প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন বিশেষজ্ঞরা।
কর্মশালার সমাপনী অধিবেশনে অংশ নেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেন্ট্রেটিভ জুডিথ হারবার্টসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শাহ কামাল, ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্পের প্রধান জেরি ফক্স।
