‘মদের আসর বসে’, তাই রাতে জগন্নাথে শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা
নিরাপত্তার কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে অনৈতিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, “কিছু দিন যাবৎ লক্ষ করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত সাড়ে দশটার পর ছাত্র-ছাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হল।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি তদারক করারও নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশে।
এই আদেশের কারণ জানতে চাইলে রেজিস্ট্রার ওহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বহিরাগতরা ক্যাম্পাসে এসে মাদক গ্রহণ করে। ছিনতাইয়ের ঘটনা ঘটে। এজন্য শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে রাতে ক্যাম্পাসে অবস্থানের ওপর নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিচ্ছেন অনেকে।
অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রসেনজিৎ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় স্কুল-কলেজের মতো নির্দিষ্ট সময়ে বন্ধ করে দিতে পারে না। আমাদের হল নেই। লাইব্রেরিও রাত ৮টায় বন্ধ হয়ে যায়। শিক্ষা পরিপূর্ণ হওয়ার জন্য আড্ডা, গ্রুপ স্টাডি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রয়োজন। এসব সুযোগ আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই।
“রাতে শিক্ষার্থীরা আড্ডা দিয়ে তা করতে পারত, সে সুযোগ কেড়ে নেওয়া হল। কিছু শিক্ষার্থীর অসামাজিক কর্মকাণ্ড সকলের ঘাড়ে চাপিয়ে দেওয়া অনৈতিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত থেকে সরে এসে বিশ্ববিদ্যালয় ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।”
সমালোচনার বিষয়ে কর্তৃপক্ষ অবগত আছে বলে জানালেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রেজিস্ট্রার ওহিদুজ্জামান।
