সেশেলসে কর্মী নেওয়ার সুযোগ সৃষ্টির চুক্তিতে সায়
ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্র সেশেলসে বাংলাদেশি কর্মী নেওয়ার সুযোগ তৈরিতে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটি অনুমোদিত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, সেশেলসে বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে শ্রম সহযোগিতা চুক্তি সই হয়েছে। এর মধ্যেই বাংলাদেশের ৪-৫ হাজার লোক সেখানে কাজ করে।
দ্বীপরাষ্ট্রটিতে যারা রয়েছে, তাদের অধিকাংশই নির্মাণশিল্প ও সেবা খাতে কর্মরত। এর বাইরে চিকিৎসক, প্রকৌশলী, প্লাম্বার, হোটেল এবং গৃহস্থালি কাজেও বাংলাদেশিদের নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
মানব ও শিশু পাচার প্রতিরোধ ও দমন ও এ সংক্রান্ত শাস্তি প্রদান বিষয়ক জাতিসংঘের প্রটোকলে যোগদান সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ জাতিসংঘের আইনের সঙ্গে সংগতি রেখে করা হয়েছে। আশেপাশের দেশগুলো যেমন ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ ১৭৩টি দেশ মানবপাচার প্রতিরোধ প্রটোকলে যোগদান করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন চলাকালে ‘ট্রিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপনস’ অনুস্বাক্ষরের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
২৬ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে প্রস্তাবটি অনুস্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।
সোমবার থেকে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম-ডিডি ফ্রি ডিশ-এর মাধ্যমে দেশটিতে বিটিভির সম্প্রচার শুরু হয়েছে বলে মন্ত্রিসভাকে জানানো হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
