শুধু সিটি করপোরেশনই নয়, নজর সবখানে: দুদক কমিশনার
মশা নিধনে ওষুধ ও যন্ত্রপাতি কেনার বিষয়ে রাজধানীর দুই সিটি করপোরেশনের উপর নজরদারি চালানোর পাশাপাশি ‘সবর্ত্রই’ নজর রাখা হচ্ছে বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. মোজাম্মেল হক খান।
বৃহস্পতিবার বেইলি রোডে অফিসার্স ক্লাবের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় এইডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলে নতুন মশার ওষুধ কেনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে মশক নিধনের ওষুধ কেনাকাটার চার বছরের হিসাব জানতে অগাস্টের প্রথম সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ে হানা দিয়েছিল কমিশন।
তার আগে জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ রোধে পদক্ষেপ গ্রহণে ‘গাফিলতির’ অভিযোগে পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়ে অভিযান চালায় সংস্থাটি। ওই অভিযানে মশা নিধনে দক্ষিণ সিটি করপোরেশনের ওষুধ ক্রয় ও প্রয়োগ সংক্রান্ত নথিসমূহ খতিয়ে দেখা হয়।
তবে ঢাকার দুই সিটি করপোরেশনই মশক নিধন ওষুধসহ অন্যান্য কেনাকাটা ও বাস্তবায়ন কাজে ‘স্বচ্ছ’ থাকবে বলে প্রত্যাশা করেন দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানে তিনি বলেন, “মশা নিধনের ওষুধ ক্রয় কিংবা যন্ত্রপাতি ক্রয় থেকে শুরু করে এসব কার্যক্রম বাস্তবায়নে ন্যূনতম দুর্নীতি হোক এটা কমিশন প্রত্যাশা করে না।
“কারণ প্রাণ রক্ষার এই মহৎ কাজ দুর্নীতির মত জঘন্য অপরাধে কলঙ্কিত হোক দেশের কোনো বিবেকবান মানুষ তা প্রত্যাশা করে না। দুর্নীতি দমন কমিশনও তেমনটা আশঙ্কা করে না ।”
এজন্য দুই সিটি করপোরেশনই তাদের নজর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে দুদক এখন ‘সক্রিয়’ জানিয়ে সবদিকেই তাদের নজরদারি থাকার কথা জানান সংস্থাটির কমিশনার।
সাংবাদিকদের তিনি বলেন, “শুধু সিটি করপোরেশন নয়, দুদকের নজরদারি রয়েছে সর্বত্রই।
“দুদক এখন সর্বোচ্চ সক্রিয়। আগে যারা দুদককে দন্তহীন বাঘ বলতেন, তারা এখন আর এভাবে ভাবেন না। কারণ কমিশনের চলমান বহুমাত্রিক কার্যক্রমকে তারা অনুধাবন করছেন। দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধে নিরন্তর চেষ্টা করছে।”
সিটি করপোরেশনের চলমান পরিষ্কার-পরিচ্ছনতা অভিযানকে সাধুবাদ জানিয়ে দুদকের এ কমিশনার বলেন, “এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এনফোর্সমেন্ট নতুন সংযোজন।”
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুদক কমিশনার মোজাম্মেল হক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে নিয়ে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিদ্যালয়টির অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে দুদক কমিশনার এর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পরে বিয়াম স্কুল ও ঢাকা কলেজে মশক নিধন কার্যক্রমেও অংশগ্রহণ করেন তিনি।
এ সময় তার সঙ্গে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাবেক সচিব মো. ইব্রাহিম হোসেন খান, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনসার আলী খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।
