মশার ওষুধ কেনার হিসাব নিতে ডিএনসিসিতে দুদকের হানা
ডেঙ্গু মোকাবেলায় নতুন মশার ওষুধ কেনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই মশক নিধনের ওষুধ কেনাকাটার চার বছরের হিসাব জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব তথ্য বিশ্লেষণ করে সিটি করপোরেশনে মশার ওষুধ কেনায় কোনো দুর্নীতি হয়েছে কি না, তা পরে প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
একটি সংঘবদ্ধ চক্র মশক নিধনের ওষুধ আমদানিতে ’সিন্ডিকেট’ করে এইডিস মশা নিয়ন্ত্রণে ‘অকার্যকর’ ওষুধ আমদানি করেছে এমন অভিযোগ পাওয়ার পর রোববার দুদকের সহকারী পরিচালক রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি দল উত্তর সিটি করপোরেশন অফিসে অভিযান চালায়।
সরেজমিন অভিযানে গিয়ে দুদকের দলটি জানতে পারে যে, এর আগের বছরগুলোতে শুধু কিউলেক্স মশা নিধনের পরীক্ষা সম্পন্ন করেছিল রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ।তাদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এতদিন ওষুধ আমদানি করেছে ডিএনসিসি।
এ বছর মশা নিধনে আগের মতো ওষুধ ছিটানো হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তরের অনেক এলাকার বাসিন্দারা
“গত জানুয়ারিতে নিকোন লিমিটেড নামক প্রতিষ্ঠানকে এসব ওষুধ সরবরাহের কার্যাদেশ প্রদান করা হয়।”
তিনবারের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মশার ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান লিমিট অ্যাগ্রো প্রোডাক্টসকে গত জুলাইয়ে কালো তালিকাভুক্ত করেছে ডিএনসিসি।
দুদকের অভিযানে মশার ওষুধ কেনায় ২০১৫ থেকে ২০১৯ সালের কার্যাদেশ দেওয়ার যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করা হয়েছে বলে জানান প্রণব কুমার।
“এই ক্রয় প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়েছে কি না তা নিয়ে বিশ্লেষণপূর্বক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে।”
অভিযানের সময় দুদক দল ২০১৯-২০ অর্থবছরে মশা নিধনের ওষুধ কেনার আগে তাতে এইডিস মশা মরে কি না, সে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সিটি করপোরেশনকে।
