২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: দক্ষিণ সিটি করপোরেশনে দুদকের অভিযান

ডেঙ্গুর প্রকোপ রোধে পদক্ষেপ গ্রহণে গাফিলতির অভিযোগে পেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 12:46 AM

Updated : 18 Aug 2022, 05:34 PM

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে বাড়লেও সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ গৃহীত হচ্ছে না।

এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একটি অভিযান দল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অভিযান চালায়।

দুদকের এ অভিযান দল মশা নিধনে ওষুধ ক্রয় ও প্রয়োগ সংক্রান্ত নথিসমূহ খতিয়ে দেখে। পরে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় দশটি স্থানে যৌথ অভিযান চালায়।

“এর মধ্যে শিববাড়ি রোডে বঙ্গবন্ধু টাওয়ারের নির্মাতা তমা কনস্ট্রাকশন, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে ভবন নির্মাতা মমতাজ ইঞ্জিনিয়ারিং এবং শেখ রাসেল টাওয়ারের নির্মাতা তমা কনস্ট্রাকশনকে নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচে পানি জমিয়ে রেখে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি করার কারণে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।"

এছাড়াও দুদক দলের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের জনবল ও সরঞ্জামাদি বৃদ্ধি, এন্টোমোলজি পদে নিয়োগ প্রদান, মশক নিধনের ওষুধ বৃদ্ধিকরণ এবং প্রয়োজনবোধে এনজিও, রোভার স্কাউট, বিএনসিসি দিয়ে মনিটরিং করার পরামর্শ দেওয়া হয় বলে জানান প্রনব কুমার।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শরীফ আহমেদ দুদকের এ অভিযানকে স্বাগত জানান বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালায় দুদক।

দুদক  অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে, ওই হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত কর্মস্থলে আসেন না এবং হাসপাতালে নার্স বা ব্রাদাররা রোগীদের সাথে দুর্ব্যবহার করেন।

এরপর বুধবার দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় জানিয়ে দুদক কর্মকর্তা প্রনব বলেন, “তিনজন ডাক্তার নিয়মিতভাবে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন এমন তথ্য পায় দুদক দল।এছাড়াও দুইজন নার্স ২০ বছর ধরে একই হাসপাতালে কর্মরত আছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দুদক অভিযান দলের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়।”