ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে আরেক কলেজছাত্রীর মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল সোয়া ৩টার দিকে দিপালী আক্তারের (২৩) মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন জানিয়েছেন।
দিপালী ঢাকার দোহারে থাকতেন, ওই এলাকার একটি কলেজের স্নাতকের ছাত্রী তিনি। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়।
নাসির উদ্দীন জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে দিপালী গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের এইচডিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি।
“অনেকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। বর্তমানে আমরা ডেঙ্গু রোগীদের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।”
