২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ইডেন ছাত্রীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 07:27 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল সাড়ে ৪টার দিকে শান্তা আক্তারের (২০) মৃত্যু হয় বলে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেঙ্গুতে গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শান্তা।

ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা পরিবারের সাথে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন বলে তার প্রাইভেট শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তা আমার কোচিংয়ে অ্যাকাউন্টিং পড়ত। হঠাৎ তার ডেঙ্গু ধরা পড়ল। এত দ্রুত সে চলে যাবে- আমরা ভাবতে পারছি না।”

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সামিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তা আমাদের হাসপাতালে এসেছিল গতকাল বিকালে। তিনি ২২ ঘণ্টা আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। শক সিনড্রোমে তার মৃত্যু হয়।”

শান্তার বাবা ও ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন বলে মামুন জানিয়েছেন। শান্তাদের বাড়ি গাজীপুরে।

ডেঙ্গুতে অতিরিক্ত আইজিপি কোরেশীর স্ত্রীর মৃত্যু

এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার পর তা ক্রমশ বেড়েছে। গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ।

ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের বরাত দিয়ে ডেঙ্গুতে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর তথ্য এসেছে গণমাধ্যমে। 

রোববার সকালেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার। ৫৪ বছর বয়সী এই নারী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় একদিনে সবচেয়ে বেশি সংখ্যক এক হাজার ৮৭০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।