এনআরবি ব্যাংকের সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতে আসামি ৩ কর্মকর্তা
প্রতারণার মাধ্যমে ঋণ নিয়ে এনআরবি ব্যাংকের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির তিন কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
আসামিরা হলেন- এনআরবি ব্যাংক লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান (বর্তমানে ব্রাক ব্যাংকের এভিপি), ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট অফিসার মাহবুবুজ্জামান।
এছাড়া ঋণ গ্রহণ করা প্রতিষ্ঠান আল-ফাহাদ টিকেটিং অ্যান্ড মেডিকেল টুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব হাসান হায়দার ও পরিচালক ফারজানা লাবনী এবং জিওলোজাইজ সার্ভে কর্পোরেশনের মালিক মো. মিজানুর রহমান কনককে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, ২০১৫ সালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে গ্রাহক ও ব্যাংকের দখলবিহীন জমি বন্ধক দেখিয়ে ঋণ দিয়ে সুদসহ পাঁচ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করেন।
এসব কারণে মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়।
এবি ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুই মামলা
এবি ব্যাংকের এলসি’র বিপরীতে বিদেশ থেকে পুরাতন জাহাজ এনে দেশের বাজারে বিক্রি করে প্রায় ৮৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।
বুধবার দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ এ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাগুলো করেন বলে জানিয়েছেন প্রনব কুমার।
এবি ব্যাংকের চট্টগ্রাম পাহাড়তলী শাখা থেকে ম্যাপস স্টিল কর্পোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এলসির বিপরীতে ঋণ নিয়ে সুদসহ ৫৮ কোটি ২২ লাখ টাকা আত্মাসৎ করেছে অভিযোগ করে ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
এ মামলার আসামিরা হলেন- ম্যাপস স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা বেগম মিলি, নির্বাহী পরিচালক মো. হামিদুর রহমান, অর্থ পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, টেকনিক্যাল পরিচালক মো. কামাল উদ্দিন এবং ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মহিউল আলী আজমী।
এ মামলার এজাহারে বলা হয়, ম্যাপস স্টিল কর্পোরেশন ২০১২ সালে এবি ব্যাংক থেকে এলসির বিপরীতে ঋণ নিয়ে বিদেশ থেকে পুরাতন জাহাজ আমদানি করে তা দেশের বাজারে বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধ করেনি।
এদিকে এবি ব্যাংকের চট্টগ্রাম পোর্ট কানেকটিং রোড শাখা থেকে মেসার্স শাহেদ শীপ ব্রেকিং নামে একটি প্রতিষ্ঠান একইভাবে ঋণ নিয়ে সুদসহ ব্যাংকটির ৩০ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা হয়।
দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ এ দুদক কর্মকর্তা সিরাজুল হক বাদী হয়ে করা এ মামলার আসামিরা হলেন- মেসার্স শাহেদ শীপ ব্রেকিংয়ের মালিক মোহাম্মদ শাহেদ মিয়া এবং ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন।
