ডেঙ্গু নিয়ে হলের বারান্দায় ঢাবি ছাত্র
ডেঙ্গু ধরা পড়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের বারান্দায় মশারি টাঙিয়ে শুয়ে আছেন প্রথম বর্ষের এক শিক্ষার্থী।
শাহীন আলম নামের ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষে পড়েন।
আসন সংকটের কারণে হলের টিভি কক্ষের দ্বিতীয় তলার বারান্দায় পাশাপাশি বেড বসিয়ে থাকেন প্রথম বর্ষের শতাধিক শিক্ষার্থী, তাদেরই একজন শাহীন।
তিনি রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৫-৬ দিন আগে জ্বর হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যাই চিকিৎসা নিতে। কিন্তু দুই-তিন দিনেও জ্বর না সারায় পরে ঢাকা মেডিকেলে যাই। সেখান থেকে বারডেম হাসপাতালে যাই ডেঙ্গুর টেস্ট করতে। সেই টেস্টের রিপোর্ট আজ সকালে হাতে পাই। সেখানে ডেঙ্গু এনএস১ পজিটিভ এসেছে।
“এরপর হাসপাতালে ডাক্তার দেখালে তারা বিশ্রাম নিতে বলেন আর তরল খাবার খেতে বলেন। কিন্তু ঢাকা মেডিকেলের পরিবেশে অস্বস্তি বোধ করায় আমি সেখানে আর থাকি নাই। পরে হলে চলে এসেছি।”
তিনি বলেন, “বারান্দায় বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গু রোগসহ জ্বরে আক্রান্ত আছে। কিন্তু হল প্রশাসনের পক্ষ থেকে কেউ কোনো রকম খোঁজ-খবর নেয়নি। তবে হল সংসদের পক্ষ থেকে মাঝেমধ্যে খোঁজ নেওয়া হয়েছে।”
শাহীনের পাশে থাকা অপর একজন শিক্ষার্থী বলেন, “এই বারান্দায় চার-পাঁচজন শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এদের কয়েকজন বাড়িতে চলে গেছে। আবার কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। এমন অবস্থায় এখানে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।”
দুপুরে হল অফিসে ডেঙ্গু রোগীদের বিষয়ে জানতে চাওয়া হলে হল অফিসের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত চারজনের তথ্য পেয়েছেন তারা। তাদের দুইজন হাসপাতালে ভর্তি আছে।
শিক্ষার্থীদের ভাষ্যমতে বারান্দায় কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন কি না জানতে চাইলে ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনি জানেন কয়জন ডেঙ্গু রোগে আক্রান্ত?”
শাহীন আলমের বিষয়টি নিশ্চিত করলে তিনি বলেন, “নাম কী তার? কখন কথা হয়েছে আপনার সাথে? তার প্লাটিলেটের পরিমাণ কত বলতে পারবেন?”
শাহীনের রিপোর্ট দেখে তার প্লাটিলেটের পরিমাণ জানালে “কথা হয়েছে ওর সাথে। জ্বি, রাখেন,” বলে ফোন কেটে দেন তিনি।
তবে এবারের ডেঙ্গু ধরন বদলে মারাত্মক হয়ে ওঠায় পরীক্ষা তা ধরা পড়লে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
তারা বলছেন, এবার ডেঙ্গুতে মস্তিষ্ক, লিভার, কিডনিসহ দেহের অন্যান্য অঙ্গ আক্রান্ত হচ্ছে। পাশাপাশি ব্লাডের প্লাজমা লিকেজ হয়ে আক্রান্তরা গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া অনেকের শক সিনড্রোম দেখা দেওয়ায় প্লাটিলেট না কমলেও সংকটাপন্ন অবস্থায় চলে যাচ্ছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার স্কয়ার হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে উ খেং নু নামের ওই শিক্ষার্থীর ডেঙ্গু ধরা পড়ার পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে দুই দিন চিকিৎসার পর তাকে গ্রামের বাড়ি কক্সবাজারে নিয়ে যায় পরিবার।
বাড়িতে গিয়ে অসুস্থতা বেড়ে গেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
