রাজীবের মৃত্যু: দ্বাদশ বারেও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন
ঢাকার কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও পিছিয়েছে।
সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা।
পরে আগামী ২২ অগাস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজামউদ্দিন।
নথিপত্রে দেখা যায়, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১২ বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা।
এই মামলার আসামিরা হলেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন বাসের চালক খোরশেদ ।
গত বছরের ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
কয়েকজন পথচারী দ্রুত তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব।
মামলার আসামি বিআরটিসি বাসের চালক ওয়াহেদ আলী (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০) দুজনই কারাগারে আছেন।
