২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীবের মৃত্যু: চালকদের মামলার প্রতিবেদন ফের পেছাল

রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের বেপরোয়া চালনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত হারানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা দ্বিতীয় দফায় পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 02:22 AM

Updated : 19 Aug 2022, 02:10 PM

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আফতাব আলী রোববার মামলার তদন্ত প্র্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ১৬ জুলাই নতুন দিন রাখেন।

এর আগে ৯ মে নির্ধারিত দিনে প্রতিবেদন দিতে না পারায় বলে তারিখ পিছিয়ে ১০ ‍জুন প্রতিবেদন জমার দিন ঠিক করে দিয়েছিলেন এই বিচারক। 

গত ৩ এপ্রিল দুই বাসের রেষারেষিতে বিআরটিসির যাত্রী রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথার সামনে-পেছনের হাড় ভেঙে যাওয়া ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে। কয়েকদিন চিকিৎসার পর মারা যান রাজীব।

ওই ঘটনায় বেপোরোয়া গাড়ি চালানো এবং গুরুতর আহত করার অভিযোগে দণ্ডবিধির ২৭৯/৩৩৮(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়।

২৭৯ ধারার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায়। আর ৩৩৮(ক) ধারার দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

মামলার আসামিরা হলেন-বিআরটিসি বাসের চালক ওয়াহেদ আলী (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০)। দুজনই কারাগারে আছেন।

আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (এসআই) মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন,  রোববার ওয়াহেদ আলীর জামিন আবেদন নাকচ করা হয়েছে।

পুরনো খবর:

রাজীবের জন্য ক্ষতিপূরণ নির্ধারণে কমিটি করে দিল হাই কোর্ট
রাজীবের মৃত্যু: চালকদের বিরুদ্ধে মামলার ধারা নিয়ে প্রশ্ন
কলেজছাত্র রাজীবের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ১০ জুন