রাজীবের মৃত্যু: এখনও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন
ঢাকার কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত হারানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় আগামী ২৫ অক্টোবর নতুন দিন রেখেছে আদালত।
বুধবার মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলা তদন্ত কর্মকর্তা (আইও) শাহবাগ থানার এস আই আফতাব আলী প্রতিবেদন দাখিল না করায় অতিরিক্ত মুখ্য ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ দিন ধার্য করেন।
ওই ঘটনায় দুই চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং গুরুতর আহত করার অভিযোগে দণ্ডবিধির ২৭৯/৩৩৮(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়। পরে এর সঙ্গে ৩০৪ (খ) যুক্ত করায় আদালতপাড়ার কয়েকজন আইনজীবী তদন্ত কর্মকর্তার নিরপেক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ঢাকার সিএমএম কোর্টের কয়েকজন আইনজীবী বলছেন, দণ্ডবিধির ৩০৪ (খ) ধারা যুক্ত না করে ৩০৪ ধারা বা ৩০৪ (ক) যুক্ত করা যেত।
৩০৪ ধারার একটি অংশের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটি অংশের শাস্তি ১০ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। অপরদিকে ৩০৪ (ক) ধারার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের সঙ্গে জরিমানার বিধান রয়েছে। আর ৩০৪ (খ) এর শাস্তি তিন বছরের কারাদণ্ড।
গত ৩ এপ্রিল স্বজন পরিবহন ও বিআরটিসি বাসের বেপরোয়া চালনায় বিআরটিসির যাত্রী রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথার সামনে-পেছনের হাড় ভেঙ্গে যাওয়া ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে।
প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৬ এপ্রিল মারা যান রাজীব (২১)।
মামলার আসামরিা হলেন-বিআরটিসি বাসের চালক ওয়াহেদ আলী (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০)। দুজনই কারাগারে আছেন।
আরও খবর
