এটিএম শামসুজ্জামানের উন্নতি হচ্ছে, দেখে এসে জানালেন কাদের
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে তিনি জানিয়েছেন, বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে বিএসএমএমইউতে পৌঁছান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার সঙ্গে ছিলেন বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া, হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক এবং আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।
ওবায়দুল কাদের হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে বরেণ্য অভিনেতার চিকিৎসার খবর নেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান সাহেব একজন দেশবরেণ্য অভিনেতা। প্রধানমন্ত্রী তার চিকিৎসার সকল দায় দায়িত্ব নিয়েছেন। তার খোঁজ-খবর নিতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশেই এসেছি।
পরিপাকতন্ত্রের জটিলতা নিয়ে দুই মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান।
৭৫ পেরোনো এই অভিনেতাকে প্রথম ২৬ এপ্রিল ভর্তি করা হয় গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। পরদিনই তার অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনেতার চিকিৎসার সব দায়িত্ব নেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার চিকিৎসায় আর্থিক সহায়তাও দেওয়া হয়। এবার তার রোজার ঈদও কাটে হাসপাতালে।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১৫ জুন তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই আছেন এটিএম শামসুজ্জামান।
ওবায়দুল কাদের একই হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের সাংসদ দবিরুল ইসলামকেও দেখেছেন।
