২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম শামসুজ্জামানের ঈদ হাসপাতালে

এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের এবারে ঈদ কাটবে হাসপাতালে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 08:39 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

তার মেয়ে কোয়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ অভিনেতাকে রোববার হাসপাতাল থেকে বাসায় নেওয়ার কথা থাকলেও শনিবার তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় ফের আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তাকে এইচডিওতে রাখা হয়েছে।

শারীরিক পরিস্থিতি বিবেচনায় ডাক্তাররা তাকে ছাড়পত্র না দিয়ে আরও কিছুদিন তার চিকিৎসা চালিয়ে যেতে চান। ফলে ঈদে বাসায় ফেরা হচ্ছে না তার। ঈদের পর তার ছাড়পত্র মিলবে বলে জানান কোয়েল।

“বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তার ফুসফুসের দুর্বলতার কারণে মাঝে মধ্যে শ্বাসকষ্টে ভুগছেন।”

রাজধানীর আজগর আলী হাসপাতালে মাসখানেক ধরে চিকিৎসাধীন এ অভিনয়শিল্পীর চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তরফ থেকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে তাকে।

পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত ৭৫ বছর বয়সী এ অভিনয়শিল্পীকে গত ২৬ এপ্রিল আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিনই তার অস্ত্রোপচার করা হয়। ভর্তির পর থেকে এখনও হাসপাতালেই আছেন তিনি।