‘ধর্ষিতকে আপস করতে বলায়’ পুলিশের বিরুদ্ধে মামলা
ধর্ষণের আসামিদের বিরুদ্ধে ‘ব্যবস্থা না নিয়ে উল্টো আপস করতে বলায়’ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।
এতে আসামির তালিকায় কেরানীগঞ্জ মডেল থানার ওসি ওসি শাকের মো. যোবায়ের, পরিদর্শক গোলাম সারোয়ার ও উপপরিদর্শক রেজাউল আমিন বাশারের নাম রয়েছে।
তবে কেরানীগঞ্জ মডেল থানার ওসি যোবায়ের ওই নারীর অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন। এটা স্থানীয় দুই পক্ষের বিরোধের ঘটনা।
মামলার অন্য আসামিরা হলেন হায়দার, মো. ফারুক, হায়দার, মো. ইকবাল, মো. হানিফ, মো. হানিফ মেম্বার, মো. রফিক, মো. শফিক ও মো. বাবুল ওরফে মধু।
এদের মধ্যে হায়দার বাদীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অন্যদের ধর্ষণে সহায়তাকারী হিসেবে দেখানো হয়েছে।
বিচারক শহিদুল ইসলাম ওই নারীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ২০ এপ্রিল বছিলা সেতুর ওপারে কেরানীগঞ্জ থানা এলাকার আরশীনগরের একটি ঘটনা পুলিশকে জানানোয় ধর্ষণেরি শিকার হন বলে ওই নারী দাবি করেছেন।
তিনি বলেন, ওই দিন দুপুর ১টার আরশীনগর মোড়ে যাওয়ার পথে আমির মাদবরের সিমেন্টের দোকানের সামনে পৌঁছামাত্র দেখতে পান ২০/৩০ জন লোক কিছু লোককে ধাওয়া করছে। তা দেখে তিনি জাতীয় জরুরি সেবার হেল্পলাইন ৯৯৯ তে জানান। তা আসামিরা দেখে ফেলার পর ক্ষিপ্ত হয়ে তার উপর হামল চালায়।
ওই ঘটনার জের ধরে গত ২৪ এপ্রিল রাতে ঘাটারচর প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওই হামলাকারীরা ফের তার উপর চড়াও হয় বলে বাদীর অভিযোগ।
তিনি বলেন, “আসামি হায়দার, রফিক, শফিকসহ আরও কয়েকজন তাকে রিকশা থেকে তুলে নিয়ে স্কুলের পেছনে নিয়ে যায়। হায়দার ধর্ষণ করে, অন্যরা ছিল পাহারায়।”
এই নির্যাতনে বাদীর গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
এই নারী বলেন, “এরপর থানায় মামলা করতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে আসামিদের সঙ্গে আপস করার নির্দেশ দেন পুলিশ কর্মকর্তারা।”
থানায় গিয়ে বিফল হওয়ায় আদালতে মামলা করতে এসেছেন বলে উল্লেখ করেছেন এই নারী।
আদালতে মামলার পর যোগাযোগ করা হলে ওসি যোবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি স্যুয়ারেজ লাইন নিয়ে স্থানীয় ফারুক ও আতর মাতব্বর গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনার পর স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মিটমাট করে নেওয়ার দায়িত্ব নেন।
“এর কিছুদিন পরে ওই ঘটনার সূত্র ধরে এই মহিলা এসে জানান, তিনি লাঞ্ছিত হয়েছেন। কিন্তু পুলিশ তদন্ত করে প্রমাণ পায়নি।”
ওসি বলেন, “এরপর এই মহিলা কয়েকজন মানবাধিকারকর্মী নিয়ে আসেন এবং দাবি করেন তিনি ধর্ষিত হয়েছেন। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়, বিষয়টি তদন্তাধীন।
“ফারুক গ্রুপের কয়েকজনের বিরুদ্ধে এই মামলা করার পর তারা আদালত থেকে আগাম জামিন নেয়। তাদের গ্রেপ্তার কেন করা হয়নি, এসব নানা অভিযোগ এই মহিলা করে আসছিলেন।”
“এখন আমাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই,” বলেন ওসি।
