আজিমপুর অভিযান: তিন নারী জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ জুন
রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় নিষিদ্ধ সংগঠন জেএমবির তিন নারী সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ জুন ঠিক করেছে আদালত।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সোমবার এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই দিন ঠিক করে দেন।
ওই তিন নারী হলেন- জেএমবির অন্যতম সমন্বয়ক তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, নুরুল ইসলাম ওরফে মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এবং বাশারুজ্জামান ওরফে চকলেটের স্ত্রী শায়লা আফরিন।
এছাড়া ওই অভিযানে নিহত জঙ্গি নেতা তানভীর কাদেরী এবং মোছাম্মত শাহানাজ বেগম ওরফে শাহনাজ পারভীনের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলে ট্রাইবুনালের পেশকার পারভেজ ভূইয়া জানান।
নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী নারায়ণগঞ্জের অভিযানে নিহত হওয়ার পর জঙ্গি সংগঠনটির সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন কাদেরী।
২০১৬ সালের ১০ সেপ্টেম্বর রাতে আজিমপুরে একটি জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সেখানে বিস্ফোরণ ঘটিয়ে তানভীর কাদেরী আত্মঘাতী হন।
ওই অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় আটক হন খাদিজা, প্রিয়তি ও শায়লা। অভিযান চালাতে গিয়ে নারী জঙ্গিদের ছুরিকাঘাত ও মরিচের গুঁড়ায় সেদিন পাঁচ পুলিশ সদস্য আহত হন।
পরে কাউন্টার টেররিজম ইউনিটের এসআই মো. দেলোয়ার হোসেন লালবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করে ২০১৭ সালের ১০ ডিসেম্বর কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মো. আহসানুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।
পুরনো খবর-
