২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমপুরের ৩ নারী জঙ্গির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর আজিমপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তানভীর কাদেরীর স্ত্রীসহ গ্রেপ্তার তিন নারী আদালতে নিজেদের জঙ্গি সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 11:41 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

ঢাকার তিন মহানগর হাকিমের কাছে সোমবার ওই তিন নারী জঙ্গি জবানবন্দি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

এর মধ্যে মহানগর হাকিম নুরুন্নবীর কাছে তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা এবং ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসানের খাসকামরায় গুলশান হামলায় জড়িত নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি জবানবন্দি দেন।

এছাড়া একই ঘটনায় গ্রেপ্তার জেএমবি নেতা বাসারুজ্জামান চকলেটের স্ত্রী শারমিন ওরফে শায়লা আফরিন মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর কাছে জবানবন্দি দেন।

জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এই তিন বিচারক।

এর আগে সাতদিনের রিমান্ড শেষে এই তিন নারী জঙ্গিকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার আহসানুল হক।

জবানবন্দির পর নাম প্রকাশ না করার শর্তে তিন আদালতের বিভিন্ন কর্মচারী বলেন, তারা সবাই তাদের স্বামীদের প্ররোচনায় এ কাজে জড়িয়েছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রকাশ করেন।

এর আগে গত ৯ অক্টোবর কাঠগড়ায় দাঁড়িয়ে অনুতাপ প্রকাশ করে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্যে স্বামীকে দায়ী করেছিলেন তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ।

ওইদিন ঢাকা মহানগর হাকিম নুরুন্নবীর আদালত শুনানি শেষে তিন নারী জঙ্গির প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যার পর আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে নিহত হন জঙ্গি নেতা তানভীর কাদেরী। এসময় এই তিন নারী জঙ্গিকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

অভিযান চালাতে গিয়ে নারী জঙ্গিদের ছুরিকাঘাত ও মরিচের গুঁড়ায় সেদিন পাঁচ পুলিশ সদস্য আহত হন।

পুরনো খবর:

জঙ্গি তানভীরের স্ত্রী দুষছেন স্বামীকে