২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুখ খুলছেন না’ সিরিয়া ফেরত ‘আইএস সদস্য’ মুতাজ

সন্দেহভাজন আইএস জঙ্গি আব্দুল মজিদ মুতাজের সিরিয়া থেকে বাংলাদেশে আসার উদ্দেশ্য কী, তা এখনও তার মুখ থেকে বের করতে পারেননি গোয়েন্দারা।   

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 05:40 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

ঢাকায় গ্রেপ্তারের পর চার দিনের জন্য হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা।

দুই দিন জিজ্ঞাসাবাদেও মুতাজের কাছ থেকে বাংলাদেশে আসার উদ্দেশ্যের বিষয়ে কিছু জানা যায়নি বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিটিটিসির কর্মকর্তারা।

শ্রীলঙ্কায় সাম্প্রতিক হামলার পর বাংলাদেশেও ইসলামিক স্টেটসের (আইএস) হামলার হুমকির মধ্যে মুতাজের বাংলাদেশে আসাকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

২৫ বছর বয়সি আবদুল মজিদ মুতাজের বাংলাদেশি পাসপোর্ট থাকলেও বাংলাদেশে তার আসা এটাই প্রথম বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।

মুতাজের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। বাবা কফিল উদ্দিন ব্যাপারীর বাড়ি বাংলাদেশের শরীয়তপুর জেলার সখীপুরে। তবে তিনি থাকতেন সৌদি আরবে। তার ১১ সন্তানের একজন মুতাজ বাংলাদেশি পাসপোর্ট নেন সৌদি থেকেই।

বাবা মারা যাওয়ার পর মুতাজ কিছু দিন জেদ্দায় বড় ভাইয়ের কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেছিলেন। জঙ্গিবাদে জড়িয়ে পড়ে তিনি সৌদি আরব থেকে সিরিয়ায় যুদ্ধ করতে গিয়েছিলেন বলে ধারণা গোয়েন্দাদের।

তারা বলছেন, সৌদি আরব থেকে দুই বার তুরস্ক হয়ে অবৈধভাবে সিরিয়া গিয়েছিলেন মুতাজ; উদ্দেশ্য ছিল আইএসের হয়ে যুদ্ধ করা।

সিরিয়ার একটি অংশজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কয়েক বছর আগে খিলাফত (আলাদা রাষ্ট্র) ঘোষণা করেছিল আইএস। কিন্তু সম্প্রতি পর্যুদস্ত হয়ে ভেঙে যায় তাদের সেই রাষ্ট্র; আইএস জঙ্গিরা এখন পালাচ্ছেন।

Image
আবদুল মজিদ মুতাজ

আবদুল মজিদ মুতাজ

গত ফেব্রুয়ারিতে সিরিয়া থেকে বাংলাদেশে এসে ঢাকার উত্তরায় দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় ওঠেন  মুতাজ।

সিটিটিসির এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেব্রুয়ারিতে তুরস্ক থেকে কারা দেশে ফিরেছে, তাদের সবার তথ্য বিশ্নেষণ করেছে পুলিশ। এরপর মুতাজকে শনাক্তের পর রোববার গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় হেফাজতে।

সিটিটিসি সহকারী কমিশনা অহিদুজ্জামান নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “মুতাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুখ খুলছে না সে। অনেক জিজ্ঞাসাবাদের পর দু-একটা কথা বলে, তাও এলোমেলো।”

এই গোয়েন্দা কর্মকর্তা জানান, মুতাজ ইংরেজি জানেন খুব কম, ফলে আরবি জানা একজনের সহায়তায় তাকে আরবিতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অহিদুজ্জামান বলেন, “সিরিয়ায় গিয়ে যুদ্ধ করার বিষয়ে কিছু বলছে না সে।”

বাংলাদেশে জঙ্গি দলগুলোর মধ্যে নব্য জেএমবি আইএস দ্বারা উদ্বৃদ্ধ বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। গুলশান হামলাকারীদের নিজেদের লোক হিসেবে তুলে ধরেছিল আইএস। তবে বাংলাদেশে আইএসের তৎপরতার কথা বরাবরই নাকচ করে আসছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।   

মুতাজের বাংলাদেশে আসার উদ্দেশ্য কি জানা গেছে- জানতে চাইলে অহিদুজ্জামান বলেন, তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ এ বছর পর্যন্ত আছে, যা নবায়নও উদ্দেশ্য ছিল।

“যতটুকু বোঝা যাচ্ছে, মুতাজ অন্য দেশে যাওয়ার পাঁয়তারা করছিল, তবে সৌদি আরবে নয়।”

মুতাজকে গ্রেপ্তারের পর তার কাছে সৌদি আরবের একটি আইডি কার্ড, গাড়ি চালনার লাইসেন্স, মোবাইল ফোনসেট, আইএসের ম্যাগাজিনসহ আরও কিছু নথিপত্র পাওয়ার কথা জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

সেই নথিপত্র অনুযায়ী, সৌদি আরবে তার কাজের সনদের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।

সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,   “মুতাজ দুই বার সৌদি আরব থেকে তুরস্ক হয়ে অবৈধভাবে সিরিয়ায় গিয়েছিল।”

সেখানে গিয়ে তিনি কী করেছেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। তার মোবাইল নম্বরের কল লিস্ট ধরে তার পরিচিতজনদের সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে সিটিটিসি।

“তার এই কর্মগুলোর স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চলছে। রিমান্ডের দুই দিন অতিবাহিত হচ্ছে, দেখি বাকি দুই দিনে কী পাওয়া যায়,” বলেন অহিদুজ্জামান।