চাঁদ দেখা গেছে, রোজা মঙ্গলবার থেকে
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে।
সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ চাঁদ দেখার খবর জানিয়ে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।
সোমবার রমজানের চাঁদ দেখা যাওয়ায় ১৪৪০ হিজরি সালের শাবান মাস ২৯ দিনে শেষ হল।
মঙ্গলবার রোজা শুরু হবে বলে সোমবার রাতে তারাবিহর নামাজ পড়ার পর ভোররাতে সেহরি খাবেন বাংলাদেশের মুসলমানরা। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার থেকেই রমজান মাস শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন আগে রোজা ও ঈদ হয়ে থাকে।
বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকে বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী, তিনি জাতীয় চাঁদ দেখা কমিটিরও সভাপতি।
সভা শেষে তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে রমজান শুরু হবে মঙ্গলবার থেকে। আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে শবে কদর পালিত হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাসান আহমেদ, ওয়াক্ফ প্রশাসক শহীদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব খলিলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) পিএসও শাহ মো. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন প্রমুখ।
