নুসরাতের মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিতের পদক্ষেপ
গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ার পর মারা যাওয়া নুসরাত জাহান রাফির মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলার এমপিও স্থগিতের পদক্ষেপ নিয়েছে সরকার।
তার পাশাপাশি ওই মাদ্রাসার অন্য এক শিক্ষকের এমপিও স্থগিত করতেও বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
চিঠিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম সিরাজ উদদৌলা (ইনডেক্স-৩০৪১১১) এবং ইংরেজির প্রভাষক আফসার উদ্দিনের (ইনডেক্স-২০৩০৫০৮) এমপিও স্থগিত করতে বলা হয়েছে।
এতে বলা হয়, “মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানী মামলা নং-২৪, তারিখ ২৭/০৩/২০১৯ এবং হত্যা মামলা নং-১০, তারিখ ০৮/০৪/২০১৯ সোনাগাজী থানার প্রেক্ষিতে মাদ্রাসার অধ্যক্ষ এবং ইংরেজি বিষয়ের প্রভাষক গ্রেপ্তার হওয়ায় তাদের এমপিও স্থগিত হওয়া প্রয়োজন।”
নুসরাতের খাতার পাতায় অধ্যক্ষের যৌন নিপীড়নের বর্ণনা ফেনীর মাদ্রাসা ছাত্রীর গায়ে আগুন: অধ্যক্ষ বরখাস্ত, তদন্তে কমিটি |
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এই দুই শিক্ষকের এমপিও স্থগিতের ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানিয়েছেন।
রেওয়াজ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এখন এই দুই শিক্ষকের এমপিও স্থগিত করে আদেশ জারি করবে।
নুসরাতের পরিবারের করা শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার হয়ে এখন বন্দি রয়েছেন শিক্ষক সিরাজ।
ঢাকা মেডিকলে নুসরাত জাহান রাফি; পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান তিনি
ওই মামলা তুলে নিতে চাপ দেওয়া হলেও নুসরাত রাজি না হওয়ায় গত ৬ এপ্রিল তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা নুসরাত বুধবার মারা যান।
ফেনীর সোনাগাজীর মেয়ে নুসরাত এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী ছিলেন তিনি।
এই ঘটনার পর দেশজুড়ে আলোচনার মধ্যে অধ্যক্ষ সিরাজকে সাময়িক বরথাস্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়।
