ফেনীর মাদ্রাসা ছাত্রীর গায়ে আগুন: অধ্যক্ষ বরখাস্ত, তদন্তে কমিটি
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীর গায়ে আগুন দেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মেয়েটির চিকিৎসার জন্য মাদ্রাসার তহবিল থেকে অর্থ দেওয়া এবং আলিম পরীক্ষা চলাকালীন আগামী ১৬ এপ্রিল পর্যন্ত মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম এ তথ্য জানান।
এদিকে, এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ জিঙ্গাসাবাদের জন্য শিক্ষকসহ দুইজনকে আটক করলেও তাদের নাম পরিচয় প্রকাশ করেনি।
সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা আরবি বিভাগের প্রভাষক আবুল কাশেম জানান, রোববার দুপুরে মাদ্রাসার গভর্নিং বডির এক জরুরি সভা জেলা প্রাশসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে সভায় গভর্নিং বডির সকল সদস্য, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, সভায় ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার।
এনামুল করিম বলেন, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাকে গত মাসের ২৭ তারিখ (গ্রেপ্তারের দিন থেকে) থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে।
“ভিকটিম শিক্ষার্থীকে চিকিৎসায় সহযোগিতার জন্য মাদ্রাসা তহবিল এবং শিক্ষকদের পক্ষ থেকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হবে। মাদ্রাসার নিরাপত্তার জন্য দ্রুত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে।”
সোনাগাজী উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন বলেন, উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি আলিম পরীক্ষার পরবর্তী বিষয়গুলোতে যেন কোনো পরীক্ষার্থী কোনো ধরনের দূর্ঘটনার শিকার না হন সেজন্য পরীক্ষার দিন পুরুষ পুলিশের পাশিপাশি মহিলা পুলিশের ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে, মাদ্রাসা ছাত্রীর উপর হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সাহায্য করা হবে বলে জানান সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, রোববার সকালে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম ইনভিস্টিকেশন) আবুল ফয়েজ মাদ্রাসা পরিদর্শন করেছেন।
পরিদর্শক কামাল জানান, এ ঘটনায় মামলা হয়নি। আটক শিক্ষক ও শিক্ষার্থীকে জিঙ্গাসাবাদের জন্য থানা হাজতে আটক রাখা হয়েছে।
তবে পুলিশ তাদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছে।
গত ২৭ মার্চ উপজেলার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নিজ কক্ষে ডেকে নিয়ে এই ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে মেয়েটির মা থানায় মামলা করেছেন। এ মামলায় অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর জের ধরে শনিবার পরীক্ষা দিতে গেলে কয়েকজন যুবক তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
কারাবন্দি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলা এক সময় জামায়াতের রোকন ছিলেন বলে জানিয়েছেন ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম শামসুদ্দিন।
শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন অভিযোগে ২০১৬ সালে সিরাজ-উদ-দৌলাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ফেনী সদর ও সোনাগাজী মডেল থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে ছাড়া পান বলে শামসুদ্দিন জানান।
রোববার মেয়েটির গ্রামের বাড়ি দেখা গিয়ে বৃদ্ধ দাদা ও ফুফুকে পাওয়া যায়। এছাড়া তার বাবা, মা, ভাইসহ অন্য স্বজনরা ঢাকা মেডিকেলে অবস্থান করছেন।
স্বজনরা জানান, দাখিল পরীক্ষায় মেয়েটি এ প্লাস পেয়েছিলেন। চলতি আলীম পরীক্ষার জন্যও ভালো প্রস্তুতি নিয়েছিলেন।
