২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুসরাতের অবস্থা অপরিবর্তিত: চিকিৎসক

লাইফ সাপোর্টে থাকা ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 07:08 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

বুধবার দুপুরে বার্ন ইউনিটের ক্লিনিক্যাল কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে নুসরাতের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, “সিঙ্গাপুরের বিভিন্ন ইউনিটের চিকিৎসকদের সাথে কথা হয়েছে আমাদের। রোগীর যে শারীরিক অবস্থা, তাতে সিঙ্গাপুরে নেওয়ার জন্য ৫ ঘণ্টা এয়ার জার্নি করার মত অবস্থা তার নাই।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া নুসরাতের সার্বিক অবস্থা ‘আগের মতই’।

“খারাপও হয় নাই, বেশি ভালোও হয় নাই। একই অবস্থায় আছে। আমরা সিঙ্গাপুর থেকে খবর পেলে বাকিটা প্রসিড করব।”

বার্ন ইউনিটের সব বিভাগের চিকিৎসকরা নুসরাতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, “প্রধানমন্ত্রী নুসরাতের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। ডাক্তাররা রোগীর ফলোআপ প্রধানমন্ত্রীকে টাইম টু টাইম জানাচ্ছেন।”

সিঙ্গাপুরের চিকিৎসকরা এখনই নুসরাতকে পাঠানোর পক্ষে মত দেননি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “তার আপডেটগুলো- যতটুকু ক্ষতি হয়েছে, সেই ডিটেইল সিঙ্গাপুরের ডাক্তারদের জানানো হয়েছে। তার অন্য যে সমস্যাগুলো আছে- নেফ্রোলজি, রেসপিরেটরি প্রবলেম, প্লাস্টিক সার্জারির প্রবলেম, প্রতিটি ক্ষেত্রে তার আপডেট বা অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সিঙ্গাপুরের ডাক্তারদের তা জানানো হচ্ছে।”

ফেনীর সোনাগাজীর মেয়ে নুসরাত এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ‘শ্লীলতাহানির’ অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার।

সেই মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের অনুসারীরা গত শনিবার নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে মেয়েটির পরিবারের অভিযোগ।

অগ্নিদগ্ধ নুসরাতকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফেনী সদর হাসাপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া নুসরাতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।