সুলতান মনসুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
রোববার জাতীয় সংসদে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ কয়েকটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এই কমিটির সভাপতি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আফছারুল আমীন, পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ, হাবিবর রহমান, সামসুল আলম দুদু, পীর ফজলুর রহমান, ফরিদুল হক খান ও কুজেন্দ্র লাল ত্রিপুরা।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেন সুলতান মনসুর। এরপর গণফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সংসদে আসার পর সংসদীয় কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে।
জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
সাবেক সংস্কৃতিমন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নূরও এই কমিটির সদস্য।
এই কমিটির সভাপতি থাকছেন সিমিন হোসেন রিমি।
