২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2019, 11:36 AM

Updated : 08 Apr 2022, 03:55 PM

একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের গণফোরামে নাম লিখিয়ে সুলতান মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী হন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার বেলা ১১টা জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়ার পর সুলতান মনসুর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্পিকারের পাশের নির্ধারিত আসনে বসেন।

ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে দলে অপাঙক্তেয় হয়ে পড়াপর পর তিনি কামাল হোসেনের সঙ্গে ভেড়েন।

আওয়ামী লীগ থেকে বেরিয়ে গণফোরাম গঠনকারী কামাল হোসেন কয়েক বছর আগে জাতীয় ঐক্য প্রক্রিয়া নামে একটি ফোরাম গড়ে তোলেন।

এবার নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জোট বাঁধার সময় গণফোরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়া দুটোই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়।

গত ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয় পায় বিএনপি। আর গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন।

নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তোলে তারা। নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না বলেও ঘোষণা দেওয়া হয় বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।

তবে শপথ নেওয়ার ইঙ্গিত দিয়ে সুলতান মনরসুর সে সময় বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়ার পর তিনি অন্য কোনো দলে যোগ দেননি।

গণফোরামের প্রার্থীদের মধ্যে সুলতান মনসুর ছাড়াও সিলেট-২ আসন থেকে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে বিজয়ী হন মোকাব্বির খান।

সুলতান মনসুরের সঙ্গে মোকাব্বিরও শপথ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে বুধবার তিনি জানান, বৃহস্পতিবার তিনি শপথ নিচ্ছেন না। দলের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবেন।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গত রোববার সাংবাদিকদের বলেন, “তারা (শপথ নিতে) গেলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। দলীয় সিদ্ধান্ত ও আইনগত সিদ্ধান্ত যা নেওয়া দরকার, সেগুলো আমরা নেব।”

মন্টুর ভাষায়, “যারা যাচ্ছে তাদের মাথা খারাপ না হলে …. যেখানে মূল দল বলছে, না যাওয়ার কথা। সেখানে দলের পরিপন্থি হয়ে এই কাজ করবে, এটা গ্রহণযোগ্য না।”

তবে বৃহস্পতিবার শপথ নিয়ে বেরিয়ে সুলতান মনরসুর সাংবাদিকদের সামনে দাবি করেন, শীর্ষ নেতাদের জানিয়েই তিনি শপথ নিয়েছেন।

জাতীয় ঐক্যপ্রক্রিয়ার বাকি ৭ জন নির্বাচিত সদস্যকেও শপথ নেওয়ার আহ্বান জানান মৌলভীবাজার-২ আসনের এই এমপি।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এ সময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

শপথ নেওয়া থেকে পিছু হটলেন মোকাব্বির
৭ মার্চ শপথ নিতে চান সুলতান মনসুর ও মোকাব্বির