ইনু, আনিস, চুন্নু সংসদীয় কমিটিতে
আওয়ামী লীগের গত সরকারের মন্ত্রিসভায় থাকা শরিক দলের কয়েকজন নেতা এবার বিভিন্ন সংসদীয় কমিটিতে জায়গা পেয়েছেন।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তাদের অন্তর্ভুক্ত করে পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যার মধ্য দিয়ে একাদশ সংসদের মোট ২৪টি কমিটি গঠন করা হল।
জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে এবার। গত সরকারের তথ্যমন্ত্রী ইনু নবম সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল জাতীয় পার্টি থেকে।
সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে কমিটি গঠনের প্রস্তাব সংসদে তোলেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সেগুলো ভোটে দিলে তা কণ্ঠ ভোটে পাস হয়।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে সদস্য হিসেবে আছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বিরোধী দলীয় উপ নেতা গোলাম মোহাম্মদ কাদের, সাংসদ কাজী কেরামত আলী, সিমিন হোসেন রিমি, শফিকুর রহমান, সাইমুম সরোয়ার কমল, আকবর হোসেন পাঠান ফারুক ও এবাদুল করিম।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এবিএম ফজলে করিম চৌধুরী। দশম সংসদেও তিনি একই দায়িত্বে ছিলেন।
এই কমিটির অন্য সদস্যরা হলেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জাসমান নূর, শফিকুল ইসলাম শিমুল, সফিকুল আজম খান, সাইফুজ্জামান শিখর, এইচএম ইব্রাহিম, নাসিমুল আলম চৌধুরী ও গাজী মো. শাহনেওয়াজ।
শ্রম ও কর্মসংস্থান মস্ত্রণালয় সম্পার্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্ন, যিনি গত সরকারে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
তার সঙ্গে সদস্য হিসেবে আছেন প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ শামীম ওসমান, ইসরাফিল আলম, নজরুল ইসলাম চৌধুরী, মানু মজুমদার, মো. ইকবাল হোসেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সাংসদ শামসুল হক টুকু। দশম সংসদে তিনি এ কমিটির সদস্য ছিলেন। তার আগের সরকারে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
দশম সংসদে এ কমিটির সভাপতি টিপু মুনশি বর্তমানে বাণিজ্য মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আফসারুল আমিন, হাবিবর রহমান, শামসুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও নূর মোহাম্মদ।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির দায়িত্ব পেয়েছেন এ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এবারের মন্ত্রী শ ম রেজাউল করিম, সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, দবিরুল ইসলাম, বজলুল হক হারুন, জিল্লুল হাকিম, একেএম সেলিম ওসমান, মনোয়ার হোসেন চৌধুরী ও আনোয়ারুল আশরাফ খান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, যিনি গত সরকারে পরিবেশ ও বন এবং তার আগে পানি সম্পদ মন্ত্রী ছিলেন।
এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাশ, দিদারুল আলম, আয়েশা ফেরদৌস, পঙ্কজ নাথ, সাদেক খান, ইকবাল হোসেন।
