২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচটি সংসদীয় কমিটি গঠন

একাদশ সংসদে পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যার তিনটিতে গত দশম সংসদের সভাপতিরাই রয়ে গেছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2019, 07:57 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

সোমবার সংসদ কমিটি, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠন করা হয়।

সংসদ কমিটি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সভাপতি পদে পরিবর্তন এসেছে।

এসব কমিটি গঠনের প্রস্তাব সংসদের ভোটে গ্রহণ করা হয়।

সংসদ কমিটির সভাপতি প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। সাধারণত প্রধান হুইপই এই কমিটির সভাপতি থাকেন।

এই কমিটির অন্য সদস্যরা হলেন- এবি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, আবু জাহির, নুর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেকুল্লাহ রফিক, শওকত হাচানুর রহমান রিমন।

স্পিকার এই কমিটির মনোনয়ন দেন।

সংসদ সদস্যদের আবাসন, অফিস বরাদ্দ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করে সংসদ কমিটি।

বাকি চারটি কমিটি গঠনের প্রস্তাব সংসদ নেতার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদে তোলেন। পরে তা কণ্ঠভোটে গ্রহণ করা হয়।

আইন মন্ত্রণালয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু।  অন্য সদস্যরা হলেন- আইনমন্ত্রী আনিসুল হক, সাহারা খাতুন, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, শেখ ফজলে নূর তাপস, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী।

সংসদীয় কমিটি দশ সদস্যের হয়ে থাকে। কোনো কমিটি এর চেয়ে কম সদস্য নিয়ে গঠন করা হলে সাধারণত পরে পুনর্গঠন করা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। সদস্যরা হলেন- মন্ত্রী এম এ মান্নান, রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহম্মেদ মজুমদার, বীরেন শিকদার, মোরশেদ আলম, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, মনজুর হোসেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা সুবিদ আলী ভূইয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীও এই কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন- শেখ হেলাল উদ্দিন, ফারুখ খান, ইলিয়াস উদ্দিন মোল্লা, মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো.নাসিরুদ্দিন, মহিবুর রহমান।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মকবুল হোসেন; অন্য সদস্যরা হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবুর রহমান, শাজাহান মিয়া, একাব্বর হোসেন, আনোয়ারুল আজিম আনার, মোসলেম উদ্দিন, নেসার আহমেদ।

রোববার সংসদের কার্য উপদেষ্টা কমিটির মনোনয়ন দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।