২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তিতে ‘২৩ লাখ টাকা’ বাড়তি আদায়

জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন বলেছে, সেখানে মাস্টার অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তিতে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ২৩ লাখ টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 09:34 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

সরকারি প্রতিষ্ঠানটির পরিচালক আগামী এক মাসের মধ্যে ওই অর্থ শিক্ষার্থীদের ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন রাজধানীর মুগদায় এ শিক্ষা প্রতিষ্ঠানে রোববার অভিযান চালান দুদক কর্মকর্তারা।


প্রনব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের হটলাইনে অভিযোগ আসার পর সহকারী পরিচালক শারিকা ইসলাম ও উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বিত দল এ অভিযান চালায়।

“ওই নার্সিং প্রতিষ্ঠানে পেমেন্ট স্লিপ এবং ব্যাংক হিসাব পরীক্ষাসহ কোর্সের ভর্তি, রেজিস্ট্রেশন ও অন্যান্য আনুসঙ্গিক ফি সংক্রান্ত রেকর্ডপত্র পরীক্ষা করে দুদক টিম। অভিযানে ধরা পড়ে অন্তত ৮০ জন শিক্ষার্থীদের থেকে গড়ে কমপক্ষে ২৯ হাজার টাকা করে মোট ২৩ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।"

অভিযানের বিষয়ে দুদক মহাপরিচালক (প্রশাসন) মুহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “নিয়ম বহির্ভূত অর্থ আদায় দুর্নীতির পর্যায়ে পড়ে। দুদক এ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করবে।”