২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাম ভাঁড়িয়ে চাচাত ভাইকে ফাঁসানো স্বপন দাশের সাজা

গ্রেপ্তারের পর নিজের নাম গোপন করে চাচাত ভাইকে ফাঁসিয়ে দেওয়া স্বপন দাশের তিন বছরের কারাদণ্ড হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 08:33 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে তাকে সোমবার এই শাস্তি দিয়েছেন চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খান।

চট্টগ্রাম আদালত পুলিশে দায়িত্বরত সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বপন দাশকে দুই হাজার টাকা জরিমানাও করা হয়েছে, তা দিতে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

স্বপনের দণ্ডাদেশের পর সদরঘাট থানার  ওসি নেজাম উদ্দিন বলেন, “পরিচয় গোপন করে অন্য ব্যক্তিকে সাজা খাটানোর বিষয়টি উদঘাটন করতে পেরে আমি খুশি। এ ধরনের অপরাধের ঘটনায় সাজা হওয়ার ঘটনাও নজিরবিহীন।”

নেজাম জানান, অস্ত্র ও বিস্ফোরক আইনের যে মামলায় স্বপন দাশ প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন, সে মামলায় তিনি ২২ বছর দণ্ডিত।

চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং এলাকা থেকে ১৪ বছর আগে স্বপন দাশকে প্রথম গ্রেপ্তার করেছিল র‌্যাব; তখন তিনি নিজের নাম-পরিচয় গোপন করে চাচাত ভাই অমর দাশকে ফাঁসিয়ে দিয়েছিলেন।

২০০৪ সালের ১৬ অগাস্ট র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হওয়ার পর পুলিশের খাতায় তার নাম উঠেছিল অমর দাশ। ওই নামে তিন বছরের মাথায় জামিনে ছাড়াও পেয়ে পালিয়ে থাকেন তিনি।

ওই ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় ২০১৭ সালে পাঁচ আসামিকে অস্ত্র ও বিস্ফোরক আইনে ২২ বছরের কারাদণ্ডের রায় হয়। পলাতক অমর দাশের নামে গত বছর জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা।

এরপর ২০১৮ সালের ৫ জুলাই স্বপনের চাচাত ভাই অমর দাশকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। তখন পুলিশ জানতে পারে, অমর দাশ নামে যে আসামি ২০০৪ সালে গ্রেপ্তার হয়েছিল, তার আসল নাম স্বপন দাশ।

Image
নিরাপরাধ অমর দাশ

নিরাপরাধ অমর দাশ

গ্রেপ্তার অমর দাশের লিখিত আবেদন উপস্থাপন করে আদালতের নির্দেশ অনুসারে তদন্ত শুরু করে পুলিশ।

২০০৪ সালে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মতিনকে জিজ্ঞাসাবাদ করেও পুলিশ নিশ্চিত হয়, আসল অপরাধী স্বপন এবং তিনি পলাতক।

এরপর গত ১৩ অগাস্ট নগরীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে স্বপন দাশকে গ্রেপ্তার করে পুলিশ।

পুনরায় ধরা পড়ে এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।

নিজের নাম-পরিচয় গোপন করে অমর দাশকে সাজা খাটানোর অভিযোগে স্বপন দাশের বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৯ ধারার মামলাটি করে পুলিশ। ১৯ নভেম্বর এ মামলায় স্বপনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

নাম পরিবর্তনের ওই ঘটনায় অমর দাশও উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন।

উচ্চ আদালতের বিচারপতি মো. হাবিবুল গণি ও মো. বদরুজ্জামানের বেঞ্চ গত ২৮ অক্টোবর অমরকে মামলা থেকে অব্যাহতি দিয়ে স্বপনকে অন্তর্ভুক্ত করার আদেশ দেন।

ওই আদেশের পর গত ১১ নভেম্বর চার মাস কারাবাস শেষে মুক্তি পান অমর দাশ। এ সময় সদরঘাট থানা পুলিশ ফুল দিয়ে বরণ করে নেয় অমরকে।

পুরনো খবর:

পুলিশকে মিথ্যা নাম দিল একজন, তাতে সাজার পর কারাবাসে আরেকজন
নাম ভাঁড়িয়ে পলাতক, ১১ বছর পর ধরা