সিআরআইয়ের ফরহাদ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।
গবেষণা সংস্থা সিআরআইয়ের সিনিয়র এনালিস্ট ফরহাদকে এই পদে নিয়োগের কথা জানিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ সচিব মর্যাদায় ফরহাদকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধামন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে এই পদে থাকবেন তিনি।
এই নিয়োগের খবর জানিয়ে ফরহাদ এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলাম আজ। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাকে এই সম্মানজনক দায়িত্ব দেয়ার জন্য।
“দায়িত্বটি বড়। সততা ও পরিশ্রমের মাধ্যমে নেত্রীর এই আস্থার প্রতিদান দিতে সবার দোয়া ও সহায়তা কামনা করছি।”
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য ফরহাদ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি নেন। পরে ইউনিভার্সিটি অব হংকং থেকে আইনে স্নাতকোত্তর করেন তিনি।
২০১২ সালে বারিস্টার অ্যাট ল’ ডিগ্রি নেন ফরহাদ, বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।
২০১৪ সালের এপ্রিল থেকে সিআরআইয়ের সঙ্গে থাকা ফরহাদ গত নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়নের উপ-কমিটির সদস্য ছিলেন।
